আদিবাসীদের তাড়ানোই ছিল উদ্দেশ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের বিতাড়ন ও জায়গাজমি বেদখলের পরিকল্পনার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকার আদিবাসী পাড়ায় হামলা চালানো হয়েছে। ওই এলাকার লোকজন এই অভিযোগ করেছেন।অভিযোগ রয়েছে, ৩ আগস্ট এক মোটরসাইকেল চালকের কথিত অপহরণের পর ক্ষুব্ধ বাঙালিরা চারটি আদিবাসী গ্রামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুলিশ কথিত অপহূত কামাল হোসেনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে।তাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ‘পূর্বপরিকল্পনা না থাকলে তিন ঘণ্টার মধ্যে এ ঘটনা ঘটানো সম্ভব নয়।’ তিনি বলেন, ‘কিছু লোক তাইন্দং এলাকার বাইরে থেকে এসে হামলা চালিয়েছিল। ৩১ জুলাইও আমার বাড়ির পাশে দুটি গুলি ছুড়ে উত্তেজনা ছড়ানো হয়।’তাইন্দং ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফণীভূষণ চাকমা বলেন, ‘ঘটনা শুনে মুরব্বিদের নিয়ে কথিত অপহরণস্থলে যাওয়ার পর বাঙালিরা শতাধিক মোটরসাইকেলে এসে আমাদের ওপর হামলা চালায়।’খাগড়াছড়ি জেলা প্রশাসক মাসুদ করিম বলেন, ‘আমি ঘটনার দুই দিন আগে এ রকম একটি চক্রান্তের খবর পেয়ে বিভিন্ন সংস্থাকে বিষয়টি সম্পর্কে জানাই।’আদিবাসীদের অভিযোগ, বাঙালিরা ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে উত্তেজনা ছড়িয়েছে।স্থানীয় সূত্র জানায়, ২ আগস্ট বিজিবির যামিনীপাড়া জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শিহাব উদ্দিন শোয়াইব ফেনীছড়া সীমান্ত ফাঁড়িতে পাহাড়ি-বাঙালিদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আদিবাসীদের নিরাপত্তার আশ্বাস দেন।খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার কয়েক দিন আগে থেকে একের পর এক ঘটনা ঘটছিল। তাদের যে সুদীর্ঘ পরিকল্পনা ছিল, নানা অভিনয় করেছে, সেটা ঘটনার পর জানতে পেরেছি।’ তিনি বলেন, ‘আমরা ১১ জনকে গ্রেপ্তার করেছি। কারা প্ররোচনা দিয়েছে, সহযোগিতা করেছে, তাদের বের করব। অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।’আদিবাসীদের অভিযোগ, ঘটনার আগে বিজিবির কোনো সদস্য তাঁদের গ্রামে আসেননি। ঘটনা ঘটে যাওয়ার পর তাঁরা আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিজিবির একটি সীমান্ত চৌকির অধিনায়ক প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পরপরই আমাদের সীমান্ত এলাকায় গিয়ে লোকজনের দেশত্যাগ ঠেকানোর নির্দেশ দেওয়া হয়েছিল।’মেজর শিহাব বিজিবি সদস্যদের আদিবাসী গ্রামে না পাঠিয়ে সীমান্তে পাঠানোর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা যদি জওয়ানদের না পাঠাতাম, তাহলে আদিবাসীদের কোনো বাড়ি রক্ষা পেত না।’