২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ আদিবাসীদের বিভিন্ন অধিকারের স্বীকৃতি দেওয়ার কথা বলেছিল। বনের ওপর অধিকার প্রতিষ্ঠা, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের কথা বলেছিল। কিন্তু সরকার গঠনের পর দল সে কথা ভুলে গেছে। আদিবাসীরা এখনো সাংবিধানিক স্বীকৃতি পাননি।
রাষ্ট্রীয়ভাবে আদিবাসী দিবস পালনের দাবিতে গতকাল শুক্রবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া বক্তারা এসব কথা বলেন। বিভিন্ন আদিবাসী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের কুলাউড়া জংশন রেলস্টেশন চত্বরে সমাবেশ শুরু হয়। আদিবাসীদের আন্তপুঞ্জি সংগঠন কুবরাজের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আশাক্রার সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, পাত্র সমাজকল্যাণ পরিষদের সিলেট শাখার নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, খাসি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সিলেট শাখার সাধারণ সম্পাদক লবিং পস্না, গারো ছাত্র সংগঠনের (বাগাছাস) কুলাউড়া শাখার সভাপতি তমাল আজিম প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশ সঞ্চালনা করেন হিরামন হেলেনা তালাং ও জয়েন্ত লরেন্স রাকসাম। এর আগে উপজেলার বিভিন্ন পুঞ্জি ও চা-বাগান থেকে জড়ো হওয়া আদিবাসী নারী-পুরুষদের অংশগ্রহণে শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।