আদিবাসীদের নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিতের দাবি
পার্বত্য চট্টগ্রামসহ দেশের সব সংখ্যালঘু জাতিসত্তার নিজস্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। পিসিপির শিক্ষাসংক্রান্ত ৫ দফা দাবিনামা বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়, সংখ্যালঘু জাতিসত্তাগুলোর নিজ নিজ মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত পিসিপি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা থেকে বিরত থাকবে।সংবাদ সম্মেলনে পিসিপির কেন্দ্রীয় সহসভাপতি ও শিক্ষাসংক্রান্ত সংগ্রাম কমিটির আহ্বায়ক ক্যহ্লাচিং মারমা লিখিত বক্তব্যে দেশের সব জাতিসত্তার সংক্ষিপ্ত সঠিক তথ্যসংবলিত পরিচিতিমূলক রচনা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা, সংখ্যালঘু জাতিসত্তাগুলোর সঠিক ও সংগ্রামী ইতিহাসসংবলিত পুস্তক পার্বত্য চট্টগ্রামের স্কুল-কলেজের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা, জাতিসত্তার প্রতি অবমাননাকর যেকোনো বক্তব্য পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া এবং সব জাতিসত্তার জন্য পৃথক ভাষা একাডেমি প্রতিষ্ঠার দাবি জানান।