আদিবাসীদের প্রথাগত ভূমি আইনকে গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য অঞ্চলের ভূমিবিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে আদিবাসীদের প্রথাগত ভূমি আইনকে গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক। নইলে একসময় এটি জাতীয় সমস্যা হিসেবে দেখা দেবে বলে তাঁরা আশঙ্কা করেছেন।গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে পার্বত্য চট্টগ্রামের ১৪টি আদিবাসী পাহাড়ি জাতির প্রথাগত ভূমি আইন বিষয়ে এক মতবিনিময় সভায় সাংসদ রাশেদ খান মেনন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ কয়েকজন আলোচক এই অভিমত প্রকাশ করেন।পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, পার্বত্য অঞ্চলের ভূমিবিরোধ নিষ্পত্তি করতে এমন ক্ষমতাবান কমিশন দরকার, যার সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হয় এবং যেটি নিয়ে আদালতে যাওয়া যাবে না। প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, ‘আদিবাসীদের ভূমির প্রথাগত আইনের লঙ্ঘনের ঘটনা সামরিক সরকার থেকে উদ্গত হয়েছে। তিনি “আদিবাসী দিবস” পালন না করার বিষয়ে জারি করা সরকারি প্রজ্ঞাপনের সমালোচনা করেন।’সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের ‘উপজাতি’ হিসেবে চিহ্নিত করার কথা উল্লেখ করে রাশেদ খান মেনন বলেন, ‘আদিবাসীদের নাম নিয়ে আমরা হঠাৎ কেন এ বিতর্কে জড়ালাম? ২০০৮ সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও “আদিবাসী” কথাটা ছিল। আজ কোন ঘটনায় এটা পাল্টে গেল?’জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আদিবাসীদের ভূমি তাদের জীবন-জীবিকা, চিন্তা-চেতনার সঙ্গে জড়িত। একজন আদিবাসীর কাছে ভূমি দেবতার সমান, কিন্তু একজন বাঙালির কাছে তা কেবল পুঁজি। আমাদের এই পার্থক্যটা বুঝতে হবে।’ সন্তু লারমা অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের আদিবাসীদের স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের কথা শাসকেরা কখনো স্বীকার করেনি। বিভিন্ন অঞ্চল থেকে লোক নিয়ে সেখানে বসানোর ঘটনা প্রমাণ করে, তারা আদিবাসী সমাজকে ভিন্নভাবে দেখেন। সেটেলারদের ভূমি ইজারা, হস্তান্তরের ক্ষেত্রে সেনা কর্তৃত্বের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। পাহাড়ে ভূমি নিয়ে বিরোধের সৃষ্টি সরকার করেছে। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও বেসরকারি উন্নয়ন সংগঠন মানুষের জন্য যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে ‘পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পাহাড়িদের ভূমিসংক্রান্ত আইন, প্রথা ও রীতিনীতি’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা। আলোচনায় অংশ নেন তথ্য কমিশনার সাদেকা হালিম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং প্রমুখ।