বান্দরবানে ঐতিহ্যবাহী রাজপুণ্যাহ উৎসবের দ্বিতীয় দিন হেডম্যান ও কার্বারিরা আদিবাসীদের প্রথাগত সামাজিক ভূমি মালিকানার স্বীকৃতি দাবি করেছেন। তাঁরা নিজেদের বিচারিক কার্যক্রমকে বিচার বিভাগীয় আদালতের সঙ্গে সমন্বয়েরও দাবি জানান।গতকাল বেলা ১১টায় রাজদরবার হলে ৬০ জনের বেশি হেডম্যান (মৌজাপ্রধান) ও তিন শতাধিক কার্বারির (পাড়াপ্রধান) উপস্থিতিতে প্রবীণ বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরী এক বৈঠকে বসেন। এ সময় হেডম্যান-কার্বারিরা তাঁদের নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরেন। বৈঠকে রাজার সঙ্গে রাজপরিবারের সদস্য কেএসপ্রু চৌধুরী, উচপ্রু চৌধুরী, মংএপ্রু চৌধুরী, চহ্লাপ্রু জিমি উপস্থিত ছিলেন। হেডম্যানরা অভিযোগ করেন, প্রশাসনিক কর্মকর্তারা পার্বত্য অঞ্চলে বিপুল পরিমাণ খাসজমি রয়েছে বলে অপপ্রচার চালাচ্ছেন। অথচ পার্বত্য চট্টগ্রামের ভূমি ব্যবস্থাপনা অনুযায়ী, এখানে কোনো খাসজমি নেই। কেননা, ১৯৫০ সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন অনুযায়ী পার্বত্য অঞ্চলের কোনো জমি সরকার খাস দখলে নেয়নি। এমনকি প্রজাস্বত্ব আইন পার্বত্য অঞ্চলে প্রযোজ্যও নয়। তাঁরা অভিযোগ করেন, প্রথাগত আইনে বংশপরম্পরায় আদিবাসীদের ব্যবহার করে আসা জুমের জমিগুলো কর্মকর্তারা খাস হিসেবে দেখিয়ে বহিরাগত ব্যক্তিদের ইজারা দিয়ে থাকেন। এ অবস্থায় প্রথাগত ভূমির মালিকানা অস্বীকার করায় আদিবাসীরা ভূমি হারিয়ে নিজভূমে পরবাসী হচ্ছেন। হেডম্যান-কার্বারিদের বিচারিক ক্ষমতা নিয়েও সমস্যা হচ্ছে উল্লেখ করে হেডম্যানরা বলেন, আদিবাসী সমাজে অপরাধীরা কেউ কেউ বিচার বিভাগীয় আদালতকে ব্যবহার করতে চায়। তখন হেডম্যান-কার্বারিদের বিচারিক ক্ষমতায় এদের শাস্তির আওতায় আনা কঠিন হয়ে দাঁড়ায় এবং সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ে। এ জন্য বিচার বিভাগের সঙ্গে আদিবাসীদের ঐতিহ্যগত বিচার কাঠামোর সমন্বয় থাকা জরুরি।রাজা মনোযোগ দিয়ে এসব অভিযোগ শুনে তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সমস্যাগুলো চাকমা সার্কেল ও মং সার্কেলসহ সব পক্ষের সমন্বয়ে সমাধান করতে হবে।খাগড়াছড়িতেও উৎসব শুরু: খাগড়াছড়ি প্রতিনিধি জানান, জেলায় মং সার্কেলের তিন দিনব্যাপী রাজপুণ্যাহ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। সৈন্যসামন্ত পরিবেষ্টিত অবস্থায় রাজবাড়ী থেকে অস্থায়ীভাবে নির্মিত দরবার হলে রাজার উপস্থিত হওয়ার মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। গতকাল প্রথম দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এমপি। এ ছাড়া এতে যোগ দেন জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক-বেসামরিক কর্মকর্তা, হেডম্যান, কার্বারি ও প্রজাসহ গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতেই দরবার হলে রাজা সাচিং প্রু চৌধুরীকে হেডম্যানদের পক্ষ থেকে তাঁদের আনুগত্যের নিদর্শনস্বরূপ তলোয়ার উপহার দেওয়া হয়।