আদিবাসীদের প্রাণের উৎসব বৈসাবি শুরু
পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি গতকাল সোমবার শুরু হয়েছে। পুরোনো বছরকে বিদায় এবং নতুন বছর স্বাগত জানাতে এই উৎসব কয়েক দিন ধরে চলে পার্বত্য এলাকার আদিবাসী সব সমপ্রদায়ের ঘরে ঘরে। তবে গতকাল সকালে ঝড়-বৃষ্টির কারণে উৎসবের শুরুটা বিঘ্নিত হয়। রাঙামাটিতে বেলা ১১টার দিকে শহরের পৌরসভা চত্বর থেকে শিল্পকলা একাডেমী চত্বর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে চার দিনব্যাপী উৎসব শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী জুম্ম সংস্কৃতি ও অস্তিত্ব রক্ষার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক অবস্থা এখন নিরাপত্তাহীন, অর্থনৈতিক অবস্থা খারাপ। বিভিন্ন এলাকার মানুষ খাদ্যসংকটে ভুগছে। এই অবস্থার মধ্যে আজ উৎসব শুরু হলো।প্রধান অতিথির বক্তব্যে চাকমা সার্কেল প্রধান ও জাতিসংঘ আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামের সদস্য রাজা দেবাশীষ রায় বলেন, ‘আদিবাসীদের স্বকীয়তা বজায় রাখা ও অপসংস্কৃতির প্রভাব থেকে তাদের রক্ষায় সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।বাংলা বছরের শেষ দুই দিন ও নতুন বছরের প্রথম দিন আদিবাসী সমপ্রদায়গুলো বিঝু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু প্রভৃতি নামে এ উৎসব পালন করলেও সমতলে এটি ‘বৈসাবি’ নামে পরিচিতি পেয়েছে। বিভিন্ন সমপ্রদায় ভিন্ন নামে ডাকলেও উদ্যাপনরীতি একই।চাকমারা এ উৎসবকে বিঝু, ত্রিপুরারা বৈসুক, মারমারা সাংগ্রাই এবং তঞ্চঙ্গ্যারা বিসু নামে আখ্যায়িত করে। তিন দিনব্যাপী এই উৎসবের প্রথম দিনকে চাকমা ভাষায় ‘ফুল বিঝু’, দ্বিতীয় দিনকে ‘মূল বিঝু’ এবং তৃতীয় দিনকে ‘নুয়াবিঝু’ (নতুন বছর) বা ‘গেজ্যা পেজ্যা’ বলা হয়। ফুল বিঝুর দিনে চাকমা তরুণ-তরুণীরা দল বেঁধে ফুল সংগ্রহ করে নদীতে ভাসিয়ে দেয়। মূল বিঝুর দিন ঘরে ঘরে চলে অতিথি আপ্যায়ন। শেষ দিন নতুন বছরকে স্বাগত জানিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানে পূজা-অর্চনার আয়োজন করা হয়। ওড়ানো হয় আকাশপ্রদীপ বা ফানুস। বিজু উপলক্ষে গ্রামে গ্রামে চলে গ্রামের ঐতিহ্যবাহী নানা খেলাধুলা।ত্রিপুরারা তিন দিন ধরে বৈসু পালন করে। এ কদিনে ছেলেমেয়েরা ফুল তুলে ঘর সাজায়। ঝুড়িতে ধান নিয়ে তারা গ্রামে গ্রামে ঘুরে মোরগ-মুরগিকে ছিটিয়ে দেয়। ‘গরইয়া’ নৃত্য দল গ্রামে গ্রামে গিয়ে উঠোন নৃত্য করে।সাংগ্রাই উৎসব উপলক্ষে মারমা তরুণীরা নানা ধরনের পিঠা তৈরি করে। মারমাদের বিভিন্ন খেলাধুলার মধ্যে আকর্ষণীয় হচ্ছে পানি খেলা। মারমা তরুণ-তরুণীরা একে অপরের দিকে পানি ছুড়ে দেয়। তবে এবার ঝড়-বৃষ্টির কারণে গতকাল উৎসবের শুরুটা কিছুটা বিঘ্নিত হয়। সকাল ১০টা থেকে খাগড়াছড়িতে প্রচণ্ড ঝড় ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী ঝড় ও বৃষ্টিতে বৈসুক/সাংগ্রাই/বিঝুর আয়োজনের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়।