আদিবাসীদের ফলদ-বনজ গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে আগর বাগান করার জন্য শীলবনিয়া পাড়ার মারমা ও ম্রো আদিবাসীদের ফলদ-বনজ বাগানের কয়েক হাজার গাছ বন বিভাগের লোকজন কেটে আগুনে পুড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পাড়াবাসীর অভিযোগ, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গত শনিবার ২০-২৫ জন শ্রমিক নিয়ে শীলবনিয়া পাড়া এলাকায় গিয়ে ফলদ ও বনজ গাছ কাটতে শুরু করেন। পাড়াবাসী বাধা দিলে তাঁদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়।শীলবনিয়া পাড়ার কার্বারি (পাড়াপ্রধান) বাঅং মারমার অভিযোগ, তিন দিন ধরে পাড়াবাসীর ফলদ-বনজ গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে। কাটার পর তাতে আগুন লাগিয়ে দেওয়ায় পুরো এলাকা বিরান ভূমিতে পরিণত হয়েছে।পাড়ার চিংহ্লামং মারমা প্রথম আলোকে বলেন, ‘আমার ১০ হাজার কলাগাছ, ১৫ হাজার আম, ১০ হাজার পেঁপেগাছ কেটে ও আগুন লাগিয়ে সম্পূর্ণ ধ্বংস করে ফেলা হয়েছে। আমার আর উঠে দাঁড়ানো সম্ভব হবে না।’ তিনি আরও জানান, নিকোয়াইচিং মারমা, রারোই ম্রো, মংব্রা মারমা, মংক্লুং মারমাসহ পাড়ার সবার বাগান ধ্বংস করা হয়েছে।আলীকদম উপজেলা জনসংহতি সমিতির সভাপতি মংসানু মারমার অভিযোগ, আদিবাসীদের উচ্ছেদ করে বহিরাগতদের অনুপ্রবেশ ঘটাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে তৈন মৌজার শীলবনিয়া পাড়ায় মারমা ও ম্রো আদিবাসীদের ১৫টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। তারা ভোগদখলীয় জমিতে আম, কাঁঠাল, পেঁপে, কলা, আনারসসহ বিভিন্ন ফলদ গাছ লাগিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি বন বিভাগ দাবি করে, ওই জমি সংরক্ষিত বনের মধ্যে পড়েছে।আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ইরতিয়াজ বলেন, বন বিভাগ আইনি প্রক্রিয়া ছাড়া পাড়াবাসীদের উচ্ছেদ করতে চেয়েছিল। কিন্তু কাউকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করা যাবে না, এ কথা বলে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বাগান ধ্বংসের ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়টির মীমাংসা না হওয়া পর্যন্ত বন বিভাগের লোকজনকে সেখানে না যাওয়ার জন্য বলা হয়েছে। লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হারুনুর রশিদ পাড়াবাসীদের জোর করে উচ্ছেদ চেষ্টার অভিযোগ অস্বীকার করে গত বুধবার প্রথম আলোকে বলেন, বন বিভাগ পাড়াবাসীদের কোনো বাগান ধ্বংস করেনি। আগর বাগানের জন্য পরিষ্কার করা জঙ্গলে কে বা কারা আগুন লাগানোয় পাড়াবাসীর কিছু কলাগাছ বিবর্ণ হয়েছে। বৃষ্টি হলে সেগুলো ঠিক হয়ে যাবে।