আদিবাসীদের ফুল ভাসানোর উৎসব
আদিবাসীদের নদীতে ফুল ভাসানোর উৎসব হয়েছে গতকাল রোববার। প্রথা অনুযায়ী নদী বা পাহাড়ি ছড়ায় ফুল ভাসানোর মধ্য দিয়ে আদিবাসীরা বর্ষবিদায় ও বরণের মূল আনুষ্ঠানিকতা শুরু করে।
গতকাল সূর্য ওঠার আগে সব বয়সের আদিবাসী নারী-পুরুষ নিজস্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে নদীর ঘাটে উপস্থিত হয়। এ সময় ঘাটে ঘাটে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সবাই একসঙ্গে ফুল ভাসিয়ে সুখ-শান্তি, মঙ্গল ও উন্নতি কামনা করে।
বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসব উদ্যাপন কমিটি, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটি শহরের রাজবন বিহারঘাটে, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন গর্জনতলী এলাকায় ফুল ভাসানোর উৎসবের আয়োজন করে। এ ছাড়া প্রচুর তরুণ-তরুণী বৈশাখী সাজে জেলা প্রশাসক বাংলো এলাকায় গিয়ে সমবেতভাবে কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে উৎসব করে। এ ছাড়া সকালে ফুল দিয়ে সাজানো হয় ঘরবাড়ি।
আদিবাসীরা পুরোনো বছরের দুঃখ-গ্লানি, ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছরে সুখ-সমৃদ্ধি ও মঙ্গল কামনায় বর্ষবিদায় ও বরণ উৎসব আয়োজন করে।
রাজবন বিহার ঘাটে ফুল ভাসানো উৎসবে অংশ নিয়ে রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার সবাইকে বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু উৎসবের শুভেচ্ছা জানান। নতুন বছরে সবার সুখ ও সমৃদ্ধি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
গর্জনতলী এলাকায় ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে ফুল ভাসানো উৎসবে যোগ দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। পরে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের সভাপতি সুরেশ কুমার ত্রিপুরা সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বান্দরবানে বৈসাবি উৎসব শুরু: বান্দরবানে তঞ্চঙ্গ্যাদের ঘিলাখেলা ও মিলনমেলা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার থেকে আদিবাসীদের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব শুরু হয়েছে।
গতকাল বিকেলে জেলা শহরতলির সিনিয়রপাড়ায় তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণীদের বর্ণাঢ্য বিষু নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে বিষু উৎসব শুরু হয়। পরে ঘিলাখেলা ও মিলনমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈচিং। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সমিতির সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা।
বান্দরবানের সাংগ্রাইং উদ্যাপন কমিটির আহ্বায়ক মংচিংনু মারমা জানান, আজ সোমবার জেলা শহরের রাজবাড়ি মাঠ থেকে সাংগ্রাইংয়ের মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে মারমা, ম্রো, চাক, খিয়াং ও খুমীদের উৎসব শুরু হবে। আগামী মঙ্গল ও বুধবার মারমাদের ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া রয়েছে পিঠা তৈরির অনুষ্ঠান।
এদিকে চিম্বুক পাহাড়ের পোড়া বাংলা, চাক্কই পাড়াসহ কয়েকটি স্থানে ম্রো চাংক্রান (ম্রোরা বৈসাবি উৎসবকে চাংক্রান বলেন) উৎসবের আয়োজন করা হয়েছে।