আদিবাসীদের বাধায় জরিপকাজ বন্ধ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই আদিবাসী খাসিয়া পুঞ্জি (গ্রাম) ও ঝিমাই চা-বাগান কর্তৃপক্ষের ভূমি-সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য জরিপকাজ শুরু করেছিল উপজেলা প্রশাসন। কিন্তু আদিবাসীদের বাধায় গত শনিবার তা বন্ধ হয়ে গেছে। এতে আদিবাসী ও চা-বাগান কর্তৃপক্ষের মধ্যে চলা দীর্ঘদিনের বিরোধ নিরসনের উদ্যোগ আবার ভেস্তে গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিরোধ মীমাংসার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় গত শুক্রবার ঝিমাই পুঞ্জিতে একটি সমঝোতা বৈঠক হয়। ওই বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা আদিবাসীদের আন্তপুঞ্জি সংগঠন ‘কুবরাজ’-এর সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, ঝিমাই চা-বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন। বৈঠকে ঝিমাই পুঞ্জিতে জমির পরিমাণ নির্ধারণে জরিপের সিদ্ধান্ত হয়। ওই দিন সংশ্লিষ্ট জরিপকারকেরা কাজও শুরু করেন। গতকাল রোববার সকালের দিকে জরিপকাজ চলাকালে আদিবাসী খাসিয়ারা জুমের একটি অংশে ১০-১৫টি পানগাছের গোড়া কাটা দেখতে পান। একপর্যায়ে তাঁরা জরিপ-সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজে বাধা দেন। খবর পেয়ে ইউএনও জরিপকাজ বন্ধ করে দেন।
ইউএনও মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘ঝিমাই পুঞ্জির আদিবাসীদের ভূমির মালিকানা নেই। এ অবস্থায় তাদের প্রতি পরিবারকে দুই একর করে খাসজমি বন্দোবস্তের একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রাথমিক পদক্ষেপ হিসেবে পুঞ্জি এলাকায় কী পরিমাণ জমি রয়েছে তা বের করার কাজও শুরু করেছিলাম। কিন্তু কেউ সমস্যাকে জিইয়ে রাখতে চাইছে মনে হচ্ছে। এখন এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।’