আদিবাসীদের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবীবপুর চিড়াকুটা গ্রামে আদিবাসীদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে গতকাল মঙ্গলবার আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে।
দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মী ছাড়াও দিনাজপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীরা অংশ নেন। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীদেরও কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।
এদিকে ঘটনার তদন্তে সোমবার দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী প্রথম আলোকে বলেন, ১৫ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন।
গতকাল বিকেলে হাবীবপুর চিড়াকুটা আদিবাসী পল্লিতে গিয়ে দেখা যায়, গ্রামটিতে খাবার পানির সংকট বিরাজ করছে। কারমাইকেল কলেজের অর্থনীতির ছাত্রী দিপালী টুডু বলেন, ‘হামলাকারীরা গ্রামের বাড়ি বাড়ি ঢুকে লুটপাট করার সময় খাবার পানির সব টিউবওয়েল খুলে নিয়ে যায়। উপজেলা প্রশাসনের মাধ্যমে ছয়টি টিউবওয়েল দেওয়া হলেও সন্ধ্যার পর আতঙ্কে বাড়ির বাইরে বসানো ওই টিউবওয়েলগুলো থেকে কেউ পানি আনতে যাচ্ছে না।
মানববন্ধনে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, আদিবাসী ছাত্র পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সোহেল পিতর মুর্মু, গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মইন উদ্দিন চিশতী, দিনাজপুর উদীচীর সহসভাপতি রেজাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন, ওয়ার্কার্স পার্টি দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হবিবর রহমান, আদিবাসী নেত্রী লাকী মারান্ডী প্রমুখ উপস্থিত ছিলেন।
আদিবাসী নেতারা ওই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
শনিবার পার্বতীপুরের মোস্তফাপুর ইউনিয়নে জমি নিয়ে আদিবাসীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের সংঘর্ষের পর আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ হাবীবপুর চিড়াকুটি আদিবাসী গ্রামটিতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটতরাজ করে। এতে অর্ধশত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পার্বতীপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আাদবাসীরা এখনো মামলা করেনি। তবে তারা মামলা না করলে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।