আদিবাসীদের ভূমি অধিকার ফিরিয়ে দিন: অ্যামনেস্টি
বাংলাদেশ সরকারের প্রতি আদিবাসীদের ভূমি অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির জেন্ডার, আইডেনটিটি অ্যান্ড সেক্সুয়ালিটি প্রোগ্রামের পরিচালক মাধু মালহোত্রা এই আহ্বান জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিজস্ব ব্লগ লাইভওয়ারে ৮ আগস্ট মালহোত্রা লেখেন, ‘পাহাড়ি জনগোষ্ঠীর দশকের পর দশক সংগ্রাম আর লড়াইয়ের কথা আমরা তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছি। আমরা আমাদের সেই প্রচেষ্টাকে পুনরুজ্জীবিত করতেই এই তারিখ ব্যবহার করছি।’মালহোত্রা লেখেন, ‘পাহাড়ি জনগোষ্ঠীর ভূমি অধিকার ফিরিয়ে দিতে বাংলাদেশ কর্তৃপক্ষ ব্যর্থ। এর ফলে আদিবাসীরা নিজেদের সনাতন ভূমিতে ফিরতে না পেরে তারা যেমন গৃহহীন হয়েছে, তেমনি বাঙালিদের সঙ্গে তাদের উত্তেজনাও বেড়েছে। দুই পক্ষের মধ্যে প্রায়ই তা সহিংসতায় রূপ নিচ্ছে।’১৯৯৭ সালে পার্বত্য চুক্তির আগ পর্যন্ত পাহাড়িদের স্বায়ত্তশাসনের দাবিতে পার্বত্য চট্টগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই সংঘর্ষের ফলে অসংখ্য মানুষ বাস্তুহারা হয়েছে। আশপাশের জঙ্গলে আশ্রয় নিয়েছে তাদের অনেকেই। এ ছাড়া বাস্তুহারা পাহাড়িদের সামনে কোনো পথও খোলা ছিল না।ব্লগে বলা হয়েছে, সহিংসতায় পাহাড়িরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। সাম্প্রতিক বছরগুলোতে শত শত পাহাড়ি পরিবার বাড়িছাড়া হয়েছে। ভূমি নিয়ে বিরোধের জের ধরে জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর। এখনো প্রায় ৯০ হাজার পাহাড়ি পরিবার বাস্তুচ্যুত।এতে আরও বলা হয়েছে, শান্তিচুক্তিতে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা ও একটি ভূমি কমিশন গঠনের কথা রয়েছে; যার ফলে ভূমি মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং পাহাড়িরাও তাদের ঐতিহ্যগত ভূমি ফিরে পাবে।