আদিবাসীদের ভূমি দখল করে বাঙালিদের পূনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের ভূমি দখল করে বাঙালি বসতি স্থাপনকারীদের (সেটলার) ‘পুনর্বাসিত’ করার প্রতিবাদে গতকাল সোমবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল বেলা তিনটায় জেলা সদরে যৌথভাবে এসব কর্মসূচি পালন করে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।ভূমি বেদখলের প্রতিবাদে কাল বুধবার জেলার তিন উপজেলায় অর্ধদিবস সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।গতকাল বেলা তিনটায় খাগড়াছড়ি জেলা সদরের মহাজনপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেঙ্গী স্কয়ার, উপজেলা পরিষদ হয়ে স্বনির্ভর বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি নিকোলাস চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক উমেশ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাদ্রী চাকমা।বক্তারা অভিযোগ করেন, গত ৬ জুন থেকে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের ২৩৭ নম্বর নভাঙা মৌজার পিলাভাঙা গ্রামের বাসিন্দা পূর্ণচন্দ্র চাকমার রেকর্ডীয় ভূমি ও ভোগদখলীয় ভূমি দখল করে ৪৫টি সেটলার পরিবারকে পুনর্বাসনের জন্য ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে।আদিবাসীদের ভূমি বেদখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ থেকে কাল বুধবার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলাসহ খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অর্ধদিবস অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।অন্যদিকে পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক বিপুল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে আদিবাসীদের ভূমি বেদখলের প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদ গুইমারা শাখা গুইমারা বাজারে বিক্ষোভ মিছিল করেছে।জেলা প্রশাসককে স্মারকলিপি: এদিকে পিলাভাঙা গ্রামের আদিবাসীদের পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা প্রশাসকের বরাবরে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। পাতাছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মানেন্দ্র চাকমা, ২ নম্বর হাফছড়ি ইউনিয়নের মেম্বার বিশু কুমার চাকমা, পূর্ণচন্দ্র কার্বারি, প্রতাপ সিং চাকমা ও মংথৈইগ্য মারমা প্রমুখ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে অবিলম্বে পিলাভাঙা গ্রামে সেটলার পুনর্বাসন প্রক্রিয়া বন্ধ করা, পূর্ণচন্দ্র চাকমার রেকর্ডীয় ও ভোগদখলীয় জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করার দাবি জানানো হয়েছে।