আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে সরকার পদক্ষেপ নিচ্ছে: ভূমিমন্ত্রী
সরকার প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য আইন প্রণয়ন এবং সমতলের আদিবাসীদের জন্য একটি আলাদা ভূমি কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এ ছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানে সরকার আরও কিছু পদক্ষেপ নিচ্ছে। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা এ কথা বলেছেন। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কারিতাস-ময়মনসিংহ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘আদিবাসীদের জন্য খাসজমি বন্দোবস্ত ও অর্পিত সম্পত্তি আইন সংস্কারকরণ’ শীর্ষক ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন কারিতাসের ময়মনসিংহ আঞ্চলের পরিচালক থিওফিল নওরেক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, পাবর্ত্য চট্টগ্রামের বাইরে সমতলের আদিবাসীদের শিক্ষাসহ অন্যান্য অধিকার সংরক্ষণে সরকার সচেতন। মূল প্রবন্ধে সঞ্জীব দ্রং বলেন, দেশে আইনের শাসনের অভাব, আন্তর্জাতিক সনদের বাস্তবায়ন না হওয়া এবং রাষ্ট্রীয় পর্যায়ে আইন না থাকায় আদিবাসীদের ভূমি রক্ষা সম্ভব হচ্ছে না। এ ছাড়া অর্পিত সম্পত্তি আইনের কারণেও আদিবাসীরা ব্যাপকভাবে ভূমি হারিয়েছে।মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, বিভিন্ন সময় বাধ্যতামূলক দেশান্তরকরণ প্রক্রিয়া, সাম্প্রদায়িক বিবাদ ও প্রাণরক্ষার দায়ে আদিবাসীরা জন্মভূমি ছেড়েছে। তাদের ফেলে যাওয়া জমিতে তৎকালীন সরকার অ-আদিবাসীদের পুনর্বাসিত করে। পরে আদিবাসীরা ফিরে এলেও কেউ আর সে জমি ফিরে পায়নি। এ ছাড়া স্থানীয় আদিবাসীদের কোনো মতামত না নিয়েই তাদের ভূমিতে ও এলাকায় জাতীয় উদ্যান, অবকাশকেন্দ্র বা সামাজিক বনায়ন প্রকল্প নেওয়া হচ্ছে। মিথ্যা মামলা আর উচ্ছেদ নোটিশ তো রয়েছেই।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আদিবাসী-বিষয়ক জাতীয় কোয়ালিশনের মহাসচিব মেসবাহ কামাল, কারিতাসের উন্নয়ন পরিচালক অতুল ফ্রান্সিস সরকার, অধ্যাপিকা জোবাইদা নাসরীন প্রমুখ। বক্তারা সমতলের আদিবাসীদের জন্য গঠিত স্বতন্ত্র ভূমি কমিশনে আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি আদিবাসীদের ঐতিহ্যগত ভূমি অধিকারকে স্বীকৃতি দেওয়াসহ বন ও প্রাকৃতিক সম্পদের ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, আদিবাসীদের অধিকৃত ভূমির ম্যাপিং এবং নিবন্ধনেরও দাবি জানায় তারা।