‘বাংলাদেশ আদিবাসী অধিকার আইন’ শীর্ষক আঞ্চলিক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আদিবাসীদের ভূমির অধিকার, বেঁচে থাকার অধিকার দিতে না পারলে গণতন্ত্র হবে অর্থহীন। অধিকার আইন নিয়ে সরকারের ভেতরে লুকিয়ে থাকা একটি গোষ্ঠী পার্বত্য এলাকায় হরতাল ও অবরোধ সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে।
গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল। প্রধান আলোচক ছিলেন সংগঠনের আহ্বায়ক সাংসদ রাশেদ খান মেনন। আলোচনায় অংশ নেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার ত্রিপুরা।
মেনন বলেন, আদিবাসীদের তাঁদের ভূমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। দেশের অগ্রগতির প্রশ্নে সম্মিলিতভাবে এ বিষয়টির সমাধান করতে হবে। শান্তিচুক্তির বিভিন্ন ধারা বাস্তবায়নের সময় পার্বত্য অঞ্চলে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মঈন উদ্দীন খান বলেন, গণতন্ত্র চাইলে সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকারের স্বীকৃতি দিতে হবে। অপমানিত মানুষ যখন মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, তখন সে দেবতা হয়ে যায়। যাঁরা ঢাকায় এসি রুমে বসে আদিবাসী বিষয়ে কথা বলেন, তাঁরা পাহাড়ের উত্তর-দক্ষিণ চেনেন না।
আবুল মোমেন বলেন, ১৯০১ সালে পাহাড়ে বাঙালি ছিল ৩ শতাংশেরও কম। এখন বাঙালি সেখানে সংখ্যাগুরু। একইভাবে কমেছে হিন্দু জনগোষ্ঠী। সংখ্যালঘুদের ভূমি দখলে ১৯৪৭ সালে অবাধ সুযোগ সৃষ্টি করে দিয়েছে সংখ্যাগুরুদের। কে এস মং অভিযোগ করে বলেন, পার্বত্য এলাকার সাংসদদের মধ্যে অধিকার আইন ও ভূমি আইন প্রণয়নে অনীহা রয়েছে। মহাজোট সরকার ফেল করলে পাহাড়ের অবস্থা ভয়াবহ হতে পারে।
সভায় অধিকার আইনের খসড়া উপস্থাপন করেন গৌতম কুমার চাকমা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সমন্বয়কারী অধ্যাপক মেসবাহ কামাল। এ ছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রামের সভাপতি মৃণাল চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, অ্যাডভোকেট বাচিং থোয়াই প্রমুখ তাঁদের মতামত তুলে ধরেন।
সম-অধিকার ফোরামের মানববন্ধন: প্রেসক্লাব মিলনায়তনে যখন মতবিনিময় সভা চলছিল, তখন দুপুর ১২টার দিকে ক্লাবের সামনে রাস্তায় আইন অমান্য করে মানববন্ধন করেছে সম অধিকার ফোরাম। এ সময় তারা পার্বত্য ভূমি কমিশন আইন, আদিবাসী অধিকার আইনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। পাহাড়ে বাঙালিদের অধিকারসহ দাবিদাওয়া-সংবলিত প্লেকার্ড নিয়ে মানববন্ধনে কিছু তরুণ ও যুবক অংশ নেন। তাঁরা এর কিছুক্ষণ আগে একই স্থানে তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে অনুষ্ঠিত ছাত্রদলের একটি মানববন্ধনও অংশ নিয়েছিলেন।