আদিবাসীদের মামলার পরও জমির নামজারি ও খাজনা নেওয়া হচ্ছে
মামলা আদালতে বিচারাধীন থাকার পরও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ভূমি কার্যালয় থেকে জালিয়াত চক্রের সদস্যদের নামে জমির নামজারি (খারিজ) ও খাজনা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ অভিযোগ করেছেন উপজেলার রাধানগর ইউনিয়নের আদিবাসীরা।
আদিবাসীদের অভিযোগ, তাঁদের রাধানগর ইউনিয়নের কৃষ্ণপুর মৌজার শতাধিক বিঘা জমি জালিয়াতি করে দলিল করেছে একটি জালিয়াত চক্র। তাঁরা (আদিবাসীরা) ওই দলিল বাতিলের দাবিতে আদালতে মামলা করেছেন। ওই মামলা আদালতে বিচারাধীন। এর পরও অভিযুক্ত জালিয়াত চক্রের সদস্যদের নামে উপজেলা ভূমি কার্যালয় জমির নামজারি ও খাজনা চালু করে। ওই জমির নামজারি ও খাজনা চালুর পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদলি হয়ে অন্যত্র চলে যান। পরে উপজেলার ভূমি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব নেন ইউএনও।
গত ২৪ নভেম্বর দুপুরে ইউএনও কার্যালয়ে গিয়ে জমির নামজারি ও খাজনা চালুর বিষয়ে অভিযোগ করেন জালিয়াতির শিকার ওই ইউনিয়নের বসনইল গ্রামের সূর্য্যমণি তিরকি, রুবি তিরকি, মহির সরদার, সুমতি সরদার, সুনীল সরদার, শত্রুঘ্ন সরদার, নারায়ণ সরদারসহ আরও কয়েকজন আদিবাসী।
শত্রুঘ্ন সরদার প্রথম আলোকে জানান, শিরিশ সরদারসহ আরও কয়েকজন আদিবাসী বাদী হয়ে ২০১০ সালে যুগ্ম জেলা জজ আদালত-২-এ জালিয়াত চক্রের সদস্য মাহান্ত সরদারের বিরুদ্ধে মামলা করেন। একই আদালতে ২০১২ সালে বসনইল গ্রামের গগন সরদার ও মাহির সরদারও মাহান্ত সরদারকে বিবাদী করে একটি মামলা করেন। এসব মামলার তথ্য উপজেলা ভূমি কার্যালয়ে দেওয়া হয়। এর পরও উপজেলা ভূমি কার্যালয় মাহান্ত সরদারের নামে জমির নামজারি (খারিজ) ও খাজনা চালু করে।
তবে এ ব্যাপারে ইউএনও খন্দকার ইয়াসিন আরেফিন প্রথম আলোকে জানান, উপজেলা ভূমি কার্যালয়ের ব্যবস্থাপনা ত্রুটির কারণে এটা হতে পারে। আদিবাসীরা আবার অভিযোগ দাখিল করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আদিবাসীদের জমি জালিয়াতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দেওয়া হবে।