আদিবাসীদের রক্ষাগোলা গ্রাম-সমাজ সংগঠনের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুণিগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার আদিবাসীদের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আদিবাসীদের রক্ষাগোলা গ্রাম-সমাজ সংগঠনসমূহের আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক।
জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বেলা ১১টার দিকে প্রধান অতিথি অনুষ্ঠানের উদ্বোধন করেন। আদিবাসীরা নেচে-গেয়ে ফুলের মালা দিয়ে অতিথিদের বরণ করেন।
হাসান আজিজুল হক বলেন, মায়ের ভাষাকে ছাড়া যাবে না। মায়ের ভাষায় গাইবে, নাচবে—এটাই জীবনের ধর্ম। শুধু পেট ভরলে হবে না, মনও ভরতে হবে। সংস্কৃতি হচ্ছে জীবনেরই অংশ। সুন্দরের অংশ।
হাসান আজিজুল হক আরও বলেন, সমতলের আদিবাসীরা চরমভাবে বঞ্চিত, নিপীড়িত ও শোষিত হচ্ছে। সম্প্রতি আদিবাসী নেত্রী বিচিত্রা তিরকি নির্যাতিত হয়েছেন। আলফ্রেড সরেন ভূমির অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। তাঁর বিচার আজও হয়নি। আজও আদিবাসীদের শ্মশান দখল হয়ে যাচ্ছে। তাদের বেঁচে শান্তি নেই, মরেও শান্তি নেই। পাহাড়ি এলাকায় বাঙালি ঢুকিয়ে জমি থেকে উৎখাত করা হচ্ছে। এ জন্য লড়াই ছাড়া উপায় নেই। নিজের পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে হবে। নিজের সংস্কৃতি ছাড়া যাবে না। আদিবাসী সংস্কৃতিতে এমন কিছু আছে, যা বিশ্বের মানুষ শ্রদ্ধা করে।
সাহেব মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সারওয়ার-ই-কামাল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন আদিবাসী নেতা এভারিস্ট হেমব্রম, রামপদ মিনজ্, আরিফুল হক, শরিফুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতায় ২০টি আদিবাসী গ্রামের সাংস্কৃতিক দল অংশ নেয়। প্রতিটি দল একটি করে নিজস্ব সংস্কৃতির বিয়ের গানের সঙ্গে নাচ ও একটি ঝুমুর নাচ পরিবেশন করে। আজ শনিবার নাচ-গানের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।