আদিবাসীদের ওপর নির্যাতন বন্ধ এবং তাদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠনসহ চার দফা দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ গতকাল বুধবার রাজশাহীর গোদাগাড়ীতে মিছিল-সমাবেশ ও পথসভা করেছে। এর আগে মঙ্গলবারও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ও রাজশাহীর তানোরে মিছিল-পথসভা হয়েছে। এ ছাড়া এদিন নাচোল থেকে রাজশাহী পর্যন্ত ৮৫ কিলোমিটার লংমার্চ (পদযাত্রা) হওয়ার কথা ছিল। কিন্তু রাজশাহী বিভাগীয় কমিশনারের স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে লংমার্চ কর্মসূচি প্রত্যাহার করা হয়।জাতীয় আদিবাসী পরিষদ সূত্রে জানা যায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাটের সুন্দরপুর থেকে মিছিল বের করেন আদিবাসীরা। তাঁরা ঢাকঢোল বাজিয়ে লাল পতাকা ও ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে কাঁকনহাট পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। পরে কাঁকনহাট বাসস্ট্যান্ডে রাস্তা অবরোধ করে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন। সমাবেশে বক্তারা তাঁদের দাবিদাওয়া তিন মাসের মধ্যে মেনে না নিলে আবারও রাজপথে নেমে আসার ঘোষণা দেন। এরপর কাঁকনহাট পৌরসভা মিলনায়তনে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান উপস্থিত হয়ে এক মাসের মধ্যে স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের কাছ থেকে সমস্যাসংবলিত স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী বিভাগের আট জেলায় ২২টিরও বেশি আদিবাসী জাতিসত্তার আট লক্ষাধিক মানুষ বাস করে। একসময় প্রায় সব আদিবাসীর জমি ছিল। কিন্তু ভূমিদস্যু, টাউট মহাজনদের জুলুম-অত্যাচারে অনেক আদিবাসী দেশত্যাগ এবং স্থানচ্যুত হতে বাধ্য হয়েছে। এখনো চলছে নির্যাতন, হত্যা ও ধর্ষণ। এগুলো বন্ধ না করলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে জাতীয় আদিবাসী পরিষদ মঙ্গলবার নাচোল থেকে রাজশাহী পর্যন্ত ৮৫ কিলোমিটার লংমার্চ কর্মসূচির ঘোষণা দেয়। রাজশাহী বিভাগীয় কমিশনার নাচোলে গিয়ে স্থানীয় দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিলে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়। পরে আদিবাসী পরিষদ নাচোলে মিছিল সমাবেশ এবং তানোরের মুন্ডুমালায় পথসভা করে।