আদিবাসীদের লোকজ সংস্কৃতি রক্ষায় চাই পৃষ্ঠপোষকতা
আদিবাসীদের লোকজ সংস্কৃতি অমূল্য সম্পদ। উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে বিলুপ্তপ্রায় এই লোকজ সংস্কৃতিকে বাঁচানো সম্ভব। গতকাল সোমবার খাগড়াছড়িতে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সাহিত্য’বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত এ সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট, রাঙামাটির সাবেক পরিচালক সুগত চাকমা ‘পার্বত্য চট্টগ্রামে উপজাতীয়দের মাতৃভাষা’, গবেষক ও উন্নয়নকর্মী মথুরা বিকাশ ত্রিপুরা ‘পুন্না তান্নায় গীতিকাব্য ত্রিপুরা লোকজীবনে ছন্দ ব্যবহারের নমুনা’ ও গবেষক চিংহলামং চৌধুরী ‘মারমা গীতিনাট্য প্যংখুম’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রবন্ধের ওপর আলোচনা করেন শিশির দেওয়ান, মধুমঙ্গল চাকমা, প্রভাংশু ত্রিপুরা, প্রশান্ত ত্রিপুরা, অংসুই মারমা ও উক্য জেন মারমা।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বর্তমান সরকার সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা-সংস্কৃতি উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
সেমিনারে আরও বক্তব্য দেন খাগড়াছড়ির ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটের আহ্বায়ক জুয়েল চাকমা, ইনস্টিটিউটের উপপরিচালক সুসময় চাকমা ও গবেষণা কর্মকর্তা জীতেন চাকমা।