আদিবাসীদের শতাধিক বিঘা জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের আদিবাসীদের শতাধিক বিঘা জমি জালিয়াতি করে দখলে নিয়েছে ভূমিদস্যু চক্র। এই চক্রের প্রধান সেরাজুল ইসলাম ও তাঁর সহযোগীরা নানা কৌশলে জাল দলিল করে জোর করে এসব জমি ভোগদখল করছেন বলে অভিযোগ করেছেন আদিবাসীরা।
ভুক্তভোগী আদিবাসীদের অভিযোগ, পুলিশ ও প্রভাবশালী রাজনৈতিক নেতাদের মদদপুষ্ট হয়েই ওই চক্র এলাকায় ত্রাসের রাজত্ব চালাচ্ছে। পরের জমির ধান লুট, গাছ কেটে নেওয়া, চাঁদাবাজিসহ একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
আদিবাসীরা আরও অভিযোগ করেন, নামে-বেনামে জাল দলিল তৈরি করে সেরাজুল ইসলাম বসনইল গ্রামের কমপক্ষে ২০ জনের শতাধিক বিঘা জমি দখল করেছেন।
রবি তিরকি, বিগা লাকড়া, সূর্য্যমণি তিরকি, মহির তিরকি, সুনিলাল সরদার, সুমরি বালা ওঁরাওসহ আরও কয়েকজন জানান, কৌশলে সেরাজুল প্রথমে মাহান্ত সরদার নামে তাঁর অনুগত এক আদিবাসীর নামে ভুয়া দলিল তৈরি করেন। ওই আদিবাসী জমি বিক্রির জন্য জেলা প্রশাসকের অনুমোদন নেন। পরে সেরাজুল বা তাঁর মনোনীত কোনো ব্যক্তির নামে জমির ভুয়া দলিল হস্তান্তর করেন মাহান্ত। কথিত এই দলিল রদের জন্য মাহান্ত সরদারকে অভিযুক্ত করে মামলা করেছেন গগন সরদার, সুনিল সরদার, যতিন সরদার ও সূর্য্যমণি তিরকি।
প্রথম আলোর কাছে মাহান্ত স্বীকার করেন, তাঁর নামে ৬০ বিঘা জমির দলিল করা হয়েছে। এর মধ্যে ২৫ বিঘা জমি তিনি সেরাজুল ও তাঁর সহযোগীদের নামে হস্তান্তর করেছেন। প্রতি বিঘার জন্য তাঁকে তিন-চার হাজার টাকা করে দিয়েছেন সেরাজুল। এ পর্যন্ত তিনি তিন লাখ টাকা পেয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রলোভনে পড়ে এবং সেরাজুলের সঙ্গে বন্ধুত্বের কারণে এসব করেছি। এখন আমি অনুতপ্ত।’
সূর্য্যমণি তিরকি অভিযোগ করেন, জালিয়াত চক্র তাঁর স্বামীর ২২ বিঘা জমি আত্মসাৎ করেছে। জমি হারানোর শোকে স্বামী দুই বছর আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এলাকার আদিবাসীদের অভিযোগ, রাধানগর ইউনিয়নের শিষাডাঙ্গা, শাগরইল, দামইলসহ বিভিন্ন গ্রামের সন্ত্রাসীদের নিয়ে সেরাজুলের একটি বাহিনী রয়েছে। মানুষজনের জমি থেকে জোর করে ধান ও গাছ কেটে নেওয়া, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্র জানায়, সেরাজুল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আদালতে সাতটি ফৌজদারি মামলা রয়েছে। স্থানীয় লোকজন জানান, তাঁর বিভিন্ন অপকর্ম ও আদিবাসীদের জমি দখলের প্রতিকার চেয়ে এলাকার সাংসদ জিয়াউর রহমানের কাছে গিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে সাংসদ জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি সেরাজুলকে চিনি না। জমিজমা নিয়ে আদিবাসীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব রয়েছে। এই সুযোগে কিছু লোক তাঁদের সহযোগিতা করার নাম করে জমিজমা হাতিয়ে নিচ্ছেন।’
মুঠোফোনে সেরাজুল ইসলাম বলেন, ‘আমি শত্রুঘ্ন সরদারের কাছ থেকে মাত্র ৮-১০ বিঘা জমি কিনেছি। সাবেক এক চেয়ারম্যান ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলাচ্ছেন।’
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, ‘এলাকায় সেরাজুল ভূমিদস্যু হিসেবে পরিচিত। বর্তমানে থানায় তাঁর বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।’