পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা অভিযোগ করেছেন, আদিবাসীদের ভূমি কেড়ে নিয়ে তাদের সংখ্যালঘুতে পরিণত করার রাজনৈতিক ষড়যন্ত্র চলছে।
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গতকাল রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা এ অভিযোগ করেন। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস ‘আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে সেতুবন্ধন’ শীর্ষক এ সভার আয়োজন করে। সন্তু লারমা বলেন, বাংলাদেশের কোথাও সামরিক শাসন নেই। কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পরেও পাহাড়ে সামরিক শাসন চলছে।
মূল প্রবন্ধে সংসদীয় ককাসের সদস্য গৌতম কুমার চাকমা বলেন, বিভিন্ন আইনে সরকার আদিবাসীদের পরোক্ষভাবে স্বীকৃতি দিয়েছে।
ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশা সভায় সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশে কর্মরত আন্তর্জাতিক শ্রম সংস্থার কর্মকর্তা সিজার ড্রাগুটন বলেন, আদিবাসী অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে।
পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, উচ্ছেদের কারণে আদিবাসীদের সংস্কৃতিক পরিচয় বিলীন হচ্ছে। সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে আদিবাসীদের অধিকার প্রাথমিকভাবে স্বীকার করে নেওয়া হয়েছে।
আদিবাসী অধিকার রক্ষায় সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বেশ কয়েকজন সাংসদ। তাঁদের মধ্যে ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী, কাজী রোজী, এ কে এম ফজলুল হক, ইয়াসিন আলী, পীর ফজলুর রহমান মিসবাহ, মৃণাল কান্তি দাস, মুস্তফা লুৎফুল্লাহ প্রমুখ।