আদিবাসীদের সংগ্রাম নিপীড়িতের সংগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় সোশ্যাল ফোরামের এক সেমিনারে বক্তারা বলেছেন, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে দেশের নিপীড়িত মানুষের সংগ্রামে পরিণত করতে হবে। আদিবাসীদের অধিকার সুরক্ষায় আদিবাসী কমিশন গঠন ও আদিবাসী অধিকার বিষয়ে আইন প্রণয়নেরও দাবি জানান তাঁরা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় আদিবাসী জাতিসমূহের মানবাধিকার ও মর্যাদা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। কাপেং ফাউন্ডেশন ও জাতীয় আদিবাসী পরিষদ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সব মানুষের সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই আদিবাসীদের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব উল্লেখ করে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে চাকমা সার্কেলের রাজা দেবাশীষ রায় বলেন, আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বাংলাদেশের নিপীড়িত মানুষের সংগ্রামে পরিণত করতে হবে। বিচ্ছিন্নভাবে আন্দোলন করে অধিকার আদায় করা যাবে না। আদিবাসীসহ বঞ্চিত মানুষের জন্য সরকার কী বরাদ্দ করে, তা কোথায় ব্যয় হয়—এসব বিষয়ে খোঁজখবর নিতে হবে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মতো বাংলাদেশেও আদিবাসী আইন তৈরি করতে হবে। আন্তর্জাতিক অনেক চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করলেও সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেই। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান ‘অন্য রকম দক্ষিণ এশিয়া’ গড়ার আগে অন্য রকম বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, সবাই প্রতিশ্রুতি ভঙ্গ করলে স্বপ্নের দক্ষিণ এশিয়া গড়া সম্ভব হবে না। দেশের অনেক সমস্যার মধ্যে আদিবাসীদের সমস্যা অন্যতম। প্রায় সব ক্ষেত্রেই আদিবাসীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এসব সমস্যার সমাধান সরকারকেই দিতে হবে। আদিবাসীদের অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে। আদিবাসী কমিশন গঠন ও আইন প্রণয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে সাংসদ হাসানুল হক ইনু বলেন, আইন হলে আদিবাসীরা সেই আইনের আশ্রয় ও সহায়তা পাবেন। পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে উন্নয়নের জন্য আদিবাসী কমিশন গঠন করা যেতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সব জাতিগোষ্ঠীকে যথাযথ সম্মান করা হয়নি বলে উল্লেখ করে ইনু বলেন, এসব দেশে গণতন্ত্র থাকলেও তা সংখ্যাগরিষ্ঠের গণতন্ত্র। তাতে আদিবাসীদের সমস্যার সমাধান হচ্ছে না।আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ সরেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আদিবাসী নেতা মঙ্গল কুমার চাকমা। সঞ্চালকের দায়িত্বে ছিলেন সঞ্জীব দ্রং। আলোচনায় অংশ নেন ভারতের ত্রিপুরার এমএলএ নারেশ চন্দ্র জামাতিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, পাকিস্তানের সাইদ বালুচ, মানুষের জন্য ফাউন্ডেশনের শামীম ইমাম, আদিবাসী নেতা শক্তিপদ ত্রিপুরা ও কাপেং ফাউন্ডেশনের মায়েথিন প্রমিলা।