আদিবাসীদের সভা, শিক্ষা ও বাসস্থানের দাবি
নড়াইল পৌর এলাকার সরকারি খাসজমি ভূমিদস্যুসহ জেলা প্রশাসনের বেশির ভাগই সরকারি কর্মচারীরা দখল করে আছেন। আদিবাসীদের জন্য প্রশাসন আন্তরিক নন। নিরবচ্ছিন্নভাবে বসবাসের জন্য জায়গার ব্যবস্থা, ছেলেমেয়েদের জন্য উপযুক্ত শিক্ষাব্যবস্থা চালু করা, সরকারি সুযোগ-সুবিধা প্রদানসহ পৌর এলাকার ১ নম্বর খাস খতিয়ান জনগণের সামনে উন্মুক্ত করার দাবি জানানো হয়। গত বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আদিবাসীরা এই দাবি উত্থাপন করেন। নড়াইলের বেসরকারি উন্নয়ন সংস্থা নবান্ন আয়োজিত ‘আদিবাসীদের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। রওশন আরা কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল কবীর টুকু, জাতীয় পার্টি জেলা সম্পাদক শরীফ মুনীর হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি খন্দকার শওকত হোসেন, বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমান নদের চাঁদ, তরুণা রানী মালী, প্রেমবালা কর্মকার, তবিবর রহমান, আলমগীর সিদ্দিকী, এম মুনীর চৌধুরী, সাইফুল আলম মিলন, এস এম হালিম মন্টু। নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক মলয় নন্দী।