আদিবাসীদের সমস্যা ঝুলিয়ে রেখে কেউ লাভবান হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীরা ভূমি, বাসস্থান, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ নানা সমস্যায় রয়েছে। বাস্তবতার নিরিখে ও আইনসম্মতভাবে এসবের সমাধান করতে হবে। সমস্যা ঝুলিয়ে রেখে কেউই লাভবান হবে না। আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার মৌলভীবাজারে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেছেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমা, মণিপুর চা-বাগানের ব্যবস্থাপক শামীম খান, মেঘা পানপুঞ্জির মান্ত্রী (মন্ত্রী) মণিকা খংলা, চা-শ্রমিক আদিবাসী ফোরামের সভাপতি পরিমল বাড়াইক, মণিপুরি মুসলিম কল্যাণ সমিতির সভাপতি আবদুল মজিদ চৌধুরী, কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী প্রমুখ। মণিকা খংলা বলেন, ‘খাসিয়া পানপুঞ্জির মান্ত্রীদের নামে বন বিভাগের এক থেকে ১০টা করে এক ২০০ মামলা আছে। নারীদের পুরুষ বানিয়েও মামলা হচ্ছে। এই হয়রানির কারণে সাংস্কৃতিক বৈচিত্র্য ও আদিবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।’আবদুল মজিদ চৌধুরী বলেন, ‘মণিপুরিদের মধ্যে বিষ্ণুপিয়া, মৈতৈ ও পাঙ্গান (মণিপুরি মুসলিম) তিনটি সম্প্রদায় আছে। কিন্তু মণিপুরি ললিতকলা একাডেমী এককভাবে বিষ্ণুপ্রিয়ারা পরিচালনা করছে। সব মণিপুরিকে সাংস্কৃতিক বিকাশের ব্যবস্থা করতে হবে।’পরিমল বাড়াইক বলেন, ‘চা-শ্রমিকেরা যুগ যুগ ধরে বাস করেও ভূমিহীন। তাদের ছয়টি ভাষা আছে। এসব ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণ দরকার। এ জন্য একটি সাংস্কৃতিক একাডেমী গড়ে তোলা প্রয়োজন। চা-জনগোষ্ঠীকে আদিবাসী জনগোষ্ঠীর আওতায় নিয়ে আসতে হবে।’মনীষ চাকমা বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠী সব সময় বঞ্চনার শিকার হয়ে থাকে। খাসিয়ারা বাসস্থান ও জীবিকার সমস্যায় পড়েছেন। পানপুঞ্জিতে শস্য বৈচিত্র্যকরণ করা দরকার।’মতবিনিময় সভায় আদিবাসী খাসিয়াদের পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য তুলে ধরা হয়।