আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি সংগঠন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান আদিবাসী নেতারা। মানববন্ধনের বিষয় ছিল, ‘জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস (৯ আগস্ট) রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে’। উল্লেখ্য, ঢাকার বাইরে আরও ৩০টি জেলায় ৩০৭টি সংগঠন মিলে এই দাবিতে মানববন্ধন করছে।মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, বর্তমান সরকার নিজেদের মুক্তিযুদ্ধের চেতনাপন্থী দাবি করলেও তাদের কার্যকলাপ দেখে তা মনে হচ্ছে না। আদিবাসীদের সাংবিধানিক অধিকার না দেওয়া সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী বলে মন্তব্য করেন তিনি। আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের প্রতিনিধি ফজলে হোসেন বাদশা বলেন, আদিবাসীদের ভূমি অধিকারের নিশ্চয়তা দিতে হবে। আদিবাসীদের বাদ দিয়ে সরকার দেশকে উন্নয়ন করতে পারবে না।বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই। আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠায় আদিবাসী-বাঙালি সবাইকে একযোগে কাজ করতে হবে।আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের সেক্রেটারি মেজবাহ কামাল বলেন, সরকার আদিবাসী প্রশ্নে স্ববিরোধী অবস্থান নিচ্ছে। একদিকে শান্তি চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিচ্ছে, অন্যদিকে আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনে নিষেধ করছে।মানববন্ধনে বক্তারা আরও বলেন, পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের অধিকার দেওয়া হয়নি। আদিবাসীদের ‘উপজাতি’ নামে ডাকা যাবে না বলে যে কথা বলা হচ্ছে, তা সংবিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। আদিবাসী কোয়ালিশনে বাংলাদেশ আদিবাসী আন্দোলন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ, গবেষণা উন্নয়ন কালেকটিভসহ প্রায় ২০টি সংগঠন একত্র হয়েছে।