আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি পিসিপির
আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। সংগঠনের নেতারা বলেছেন, অবিলম্বে পার্বত্য চুক্তির বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ধর্মনিরপেক্ষতার নিশ্চয়তা প্রদান এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আদিবাসীদের জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষণ করতে হবে।গতকাল শুক্রবার পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখার বার্ষিক সম্মেলনে পাহাড়ি নেতারা এই দাবি তুলে ধরেন। ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন’ স্লোগানসংবলিত আয়োজিত সম্মেলন অনুষ্ঠিত হয় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহসভাপতি এবং আঞ্চলিক পরিষদের সদস্য ঊষাতন তালুকদার। বিকেলে কদম মোবারক ইসলামাবাদী হলে পরিষদের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেএসএসের সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি ইন্দুনন্দন দত্ত, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক মানস নন্দী, পিসিপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জ্যোতিষ্মান চাকমা প্রমুখ।