আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটি দেশে সংবিধান অনুযায়ী অন্যান্য জনগোষ্ঠীর মতো আদিবাসীরা উল্লেখযোগ্যভাবে কোনো ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে না। অথচ আদিবাসীরা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ভাষা আন্দোলনে পর্যন্ত অবদান রেখেছে। আদিবাসীদের অস্বীকার করার কোনো উপায় নেই। তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতেই হবে। আজ অথবা কাল এ দাবি আদায় হবেই।’আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে সিলেটে আদিবাসী দিবস উদ্যাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সুলতানা কামাল এসব কথা বলেন। সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী নারী-পুরুষেরা সমবেত হন। শুরুতে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হন সবাই।আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে সভায় সূচনা বক্তব্য দেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ জামিল বক্তব্য দেন। সুলতানা কামাল তাঁর বক্তৃতায় আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দেওয়ায় আদিবাসী দিবস উদ্যাপনেও উৎসবমুখরতা নেই বলে মন্তব্য করেন। বাংলাদেশে কোনো আদিবাসী নেই বলে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে সুলতানা কামাল বলেন, ‘এটি একটি নিকৃষ্ট কাজ। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি মনে করি, কেউ আদিবাসীদের স্বীকৃতি দিচ্ছে না বলে আদিবাসীরা এ দেশ থেকে হারিয়ে যাবে না। আদিবাসীরা এ দেশে ছিল, আছে, থাকবে। আদিবাসীদের আন্দোলন-সংগ্রামে আমিও সহযোগী হয়ে কাজ করতে চাই।’ মোড়ক উন্মোচন: অনুষ্ঠানের একপর্যায়ে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাপা-বেন-সাস্ট আদিবাসী কনভেনশন প্রকাশনার মোড়ক উন্মোচন করেন সুলতানা কামাল। এ পর্ব সঞ্চালনা করেন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম।২০১২ সালের ১২ থেকে ১৪ জানুয়ারি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আদিবাসী কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল। সব শেষে আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।