আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত বাস্তবায়ন করা হবে। এ জন্য যে যে উদ্যোগ নেওয়া দরকার, তা-ই নিচ্ছে সরকার। একই সঙ্গে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ারও উদ্যোগ নেওয়া হচ্ছে। ভূমিবিরোধ নিষ্পত্তির জন্যও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। চলতি সংসদ অধিবেশনেই বিষয়টি তোলা হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি মঞ্চ আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির এক যুগ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক মতবিনিময় সভায় সরকারের পার্বত্য চট্টগ্রামবিষয়ক দুই শীর্ষস্থানীয় নেতা এসব কথা বলেন। তাঁদের একজন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আদিবাসীদের অধিকার রক্ষায় সংবিধানে যে যে বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন, তা করা হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে ইতিমধ্যে ৩৫টি অস্থায়ী ক্যাম্পসহ চার হাজার সেনা প্রত্যাহার করা হয়েছে। বাকি অস্থায়ী সেনা ক্যাম্পগুলোও পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে। তবে ছয়টি স্থায়ী সেনানিবাস থাকবে। প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। ভূমি কমিশন কার্যকর না হওয়ার বিষয়ে যে অভিযোগ আছে সে ব্যাপারে ভূমিমন্ত্রী বৈঠক করেছেন। চলতি সংসদ অধিবেশনেই আদিবাসীদের অধিকার, সমস্যা ও চুক্তি বাস্তবায়নের নানা বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক শাহরিয়ার কবির সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, মূলত জামায়াতের কারণেই পার্বত্য চট্টগ্রাম আজ জঙ্গি মৌলবাদীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই জঙ্গিরা আজ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গা জঙ্গিদের মদদ দিয়ে আরাকান ও পার্বত্য চট্টগ্রামকে এক করে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার চক্রান্ত করা হচ্ছে। তাদের বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে হবে। সম্প্রীতি মঞ্চের আহ্বায়ক অধ্যাপক অজয় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জনসংহতি সমিতির নেতা শক্তিপদ ত্রিপুরা, সম্প্রীতি মঞ্চের সৌরভ সিকদার প্রমুখ বক্তব্য দেন।