আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি ফের জানিয়েছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। একই সঙ্গে জাতীয়ভাবে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আজ বুধবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই দাবি ও আহ্বান জানান সন্তু লারমা।
আগামী ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে সন্তু লারমা দেশের আদিবাসীদের দুরবস্থার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি ভালো নয়। আদিবাসীরা হত্যা-ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অনাচারের শিকার হচ্ছে। তারা কোনো বিচারও পাচ্ছে না। আদিবাসীদের ভূমি দখলের উৎসব চলছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকার সরকার সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলছে।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি অভিযোগ করেন, ১৮ বছর অতিক্রান্ত হতে চলছে। এখনো পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নের কোনো উদ্যোগ সরকার নেয়নি।
আদিবাসীদের সংগ্রামের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান সন্তু লারমা। তাঁর এই আহ্বানে একাত্মতা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হয়। ৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত কর্মসূচি চলবে।