রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুরে বুধবার ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৫৫ বছর পূর্তি পালন করা হয়েছে। আদিবাসীরা নেচে-গেয়ে, শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেন।আলোচনা সভায় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, জাতীয় সংসদে আদিবাসীদের সংরক্ষিত আসন প্রদান, ভূমির সমস্যা সমাধানে পৃথক ভূমি কমিশন গঠনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। রাজশাহীর তানোর উপজেলার ডাকবাংলো মাঠে, চাঁপাইনবাবগঞ্জে নাচোল উপজেলা পরিষদ মাঠে এবং গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষ অংশ নেন। তানোর ডাকবাংলো মাঠের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী, বিশেষ অতিথি তানোর উপজেলার চেয়ারম্যান এমরান আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান আবদুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন। আদিবাসী নেতারা বলেন, ১৮৫৫ সালে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ, জমিদার মহাজন ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র গণসংগ্রাম। কিন্তু যে শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল তা আজও বিদ্যমান।দিবসটি পালন উপলক্ষে দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বলেন, ‘আদিবাসীরা এই দেশ এবং এই মাটিরই মানুষ। নানা প্রতিকূলতার কারণে তাঁরা আজ শিক্ষা-সংস্কৃতি, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েছেন। আমাদের সবার উচিত তাঁদের পাশে দাঁড়ানো।’ বুধবার সকালে দিনাজপুর লোকভবনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনইএলসিডিএফের নির্বাহী পরিচালক ভিক্টর লাকড়া। বিশেষ অতিথির বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান শাহ, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সারদেশ্বরী স্কুলের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে আদিবাসী শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।এ ছাড়া দিবসটি উপলক্ষে বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নে সকাল নয়টায় সাঁওতালদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান শোভাযাত্রার উদ্বোধন করেন।