আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবিধানিক স্বীকৃতি ও আদিবাসীদের প্রতি বৈষম্য, নিপীড়ন বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন পালিত হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এ কর্মসূচিতে জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে আদিবাসীদের জন্য আসন সংরক্ষণ, আদিবাসীদের সম্মতি ছাড়া সংবিধান ও আদিবাসী অঞ্চলগুলোর জন্য প্রযোজ্য আইন সংশোধন ও বাতিল না করার দাবি জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: বেলা ১১টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। পরে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। সভায় বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য চট্টগ্রাম শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, এম এন লারমা মেমোরিয়েল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা, চিকিৎসক কনিষ্ক চাকমা, জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি জুয়েল দেওয়ান, অবসরপ্রাপ্ত শিক্ষক এ কে নেওয়ার, আদিবাসী অধিকারের কর্মী উদয়ন ত্রিপুরা প্রমুখ।বান্দরবান: সকাল ১০টায় বৃষ্টি উপেক্ষা করে আদিবাসীরা স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধনে অংশ নেন। পরে ত্রিপুরা কল্যাণ সংসদ মিলনায়তনে ‘আদিবাসীদের কেন সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে বান্দরবান সদর উপজেলার নারী ভাইস-চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা, আদিবাসী ফোরামের জেলা সাধারণ সম্পাদক অংছোমং মারমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সদস্য জুয়ামলিয়ান আমলাই, ত্রিপুরা নেতা দেনন্দোহা জলাই প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা বলেন, সংখ্যায় ক্ষুদ্র জনগোষ্ঠীগুলোকে আদিবাসী আত্মপরিচয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।সিলেট: ‘বাংলাদেশে প্রায় ৪৫টির বেশি আদিবাসী জাতিগোষ্ঠীর মধ্যে ৩৩টির বসবাস সিলেটে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদিবাসী অঞ্চলগুলোতে জাতীয় সংসদের আসন সংরক্ষণ ও আদিবাসীদের সম্মতি ছাড়া আদিবাসীবিষয়ক সংবিধান সংশোধন বা বাতিল না করা এবং যদি আদিবাসীদের ভূমি অধিকার দেওয়া হয়, তাহলেই আদিবাসীদের সব সমস্যার সমাধান সহজ হবে।’ বাংলাদেশ আদিবাসী ফোরামের সিলেটের নেতাদের উদ্যোগে মানববন্ধন পালন শেষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এ সভায় বিভিন্ন সংগঠনের নেতারা যোগ দেন। বেলা ১১টায় মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট শাখার সাবেক সভাপতি দানোস সাংমা।ঠাকুরগাঁও: সকালে ঠাকুরগাঁও জাতীয় আদিবাসী পরিষদ শহরের চৌরাস্তায় সমাবেশ ও মানববন্ধন পালন করে। এর আগে আদিবাসীরা মিছিল করে চৌরাস্তায় উপস্থিত হন। সভায় বক্তব্য দেন জেলা আদিবাসী পরিষদের নেতা বাবুল তিগ্যা, আদিবাসী পরিষদের উপদেষ্টা ইমরান চৌধুরী, কর্মচারী সমিতির সভাপতি মাসুদ আহমেদ ও সামসুজ্জোহা বাবলু।