দেশের স্বাধীনতাসংগ্রামে আদিবাসীরা রক্ত দিয়েছিল। কিন্তু স্বাধীন দেশে তারা ন্যায্য অধিকার পায়নি। বাহাত্তরের সংবিধানে তাদের স্বীকৃতি না দেওয়া ছিল ঐতিহাসিক ভুল। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় আদিবাসী যুব কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বক্তারা শিগগিরই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিয়ে তাদের ভূমি ও সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) ও বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের যৌথ আয়োজনে এ সম্মেলনে ১৭টি আদিবাসী ছাত্রসংগঠন অংশ নেয়। সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে যতীন্দ্র লাল ত্রিপুরা বলেন, বর্তমান সরকারের আগামী তিন বছরের মধ্যে অধিকারগুলো আদায়ের জন্য আদিবাসীদের ঐক্যবদ্ধ হতে হবে।সাংসদ রাশেদ খান মেনন বলেন, সংশোধিত সংবিধানে আদিবাসীদের সব অধিকারের নিশ্চয়তা দেওয়া হবে।বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘গণতান্ত্রিক সরকারগুলো সামরিক শাসনের বিরুদ্ধে কথা বললেও পার্বত্য চট্টগ্রামে তা অব্যাহত আছে। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও তাদের গণতন্ত্রের আওতায় আনা হয়নি। এটা আমাদের সবার ব্যর্থতা।’সম্মেলনে আরও বক্তব্য দেন বিচারপতি গোলাম রাব্বানী, পংকজ ভট্টাচার্য, নুমান আহম্মদ খান, রোকেয়া কবির, শক্তিপদ ত্রিপুরা, মানবেন্দ্র দেব প্রমুখ। পরামর্শ সভা: আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস-এর উদ্যোগে গত রোববার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিবিষয়ক এক পরামর্শ সভায় বক্তারা বলেছেন, সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে আদিবাসীদের অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে। আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিষয়টি নিশ্চিত হলে তারা নিজেদের স্বাতন্ত্র্য বজায় রেখে বিকশিত হবে। সমাজের মূল্যবোধের সঙ্গে তারা মিশতে পারবে। তাদের আর বঞ্চনার শিকার হতে হবে না। সভায় পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি বহুদিন ধরে উপেক্ষিত। তবে বর্তমান সরকার এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন। সাংসদ আসাদুজ্জামান নূর বলেন, আদিবাসীরা যে নামে অভিহিত হতে সম্মানিত ও স্বাচ্ছন্দ্য বোধ করে, তাদের সেই নামেই পরিচিত হওয়ার স্বীকৃতি দিতে হবে। পরামর্শ সভায় আরও বক্তব্য দেন বিচারপতি গোলাম রাব্বানী, সাংসদ এথিন রাখাইন, শাহ আলম, ফজলে হোসেন, বীরেন শিকদার, আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সমন্বয়ক মেসবাহ কামাল প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন সঞ্জীব দ্রং।