আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির সুপারিশ করবে বিশেষ কমিটি
আদিবাসীদের জাতিসত্তা, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধে তাদের অবদানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির সভায় কমিটির সদস্যরা এ বিষয়ে একমত হন। সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।বিশেষ কমিটির সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, রহমত আলী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু প্রমুখ উপস্থিত ছিলেন।ব্রিফিংয়ে সুরঞ্জিত বলেন, ‘ক্ষুদ্র জাতিগোষ্ঠী ‘আদিবাসী’ নাকি ‘উপজাতি’, এটি একটি বড় ইস্যু। ১৯৭২-এ সংবিধান প্রণয়নের সময় আমরা তাদের সাংবিধানিক স্বীকৃতি দিতে পারিনি। তাই কমিটি এবার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে।’ তবে ক্ষুদ্র্রজাতিগোষ্ঠী সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ বা ‘উপজাতি’ হিসেবে সংজ্ঞায়িত হবে না জানিয়ে তিনি বলেন, কমিটি এদের ‘ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করবে।সুরঞ্জিত সেনগুপ্ত জানান, সভায় আদিবাসী সাংসদ সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, যতীন্দ্র লাল ত্রিপুরা ও এথিন রাখাইন উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে পরামর্শ করেই কমিটি সিদ্ধান্ত নিয়েছে। জাতিগত এবং মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি ছাড়াও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা, শিক্ষা, সাহিত্য, রীতি, ঐতিহ্য, শিল্পকলা ইত্যাদি বিষয় সংবিধানে অন্তর্ভুক্তির সুপারিশ করা হবে। আদিবাসীদের নাগরিকত্ব ‘বাংলাদেশি’ বলে গণ্য হবে। তিনি জানান, সংবিধানের ৯ অনুচ্ছেদে সংশোধনী এনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে স্বীকৃতি দেওয়া হবে।