জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ চার দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের পাদদেশে ‘সম্মিলিত আদিবাসী ছাত্র-ছাত্রীবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’-এর ব্যানারে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন আদিবাসী শিক্ষার্থীরা। সমাবেশে ওই সংগঠনের আহ্বায়ক অনাবিল সুইন, পুচনু চাকমা, সুফন চাকমা, দ্বীপন চাকমা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দেশের ৫০টির বেশি আদিবাসী গোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, শিক্ষা এবং আত্মনিয়ন্ত্রণাধিকারের সাংবিধানিক স্বীকৃতি দাবি করেন। এ ছাড়া তাঁরা পার্বত্য চট্টগ্রামকে বিশেষ শাসিত আদিবাসী অঞ্চলের মর্যাদা, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন ও চুক্তির অধীনে প্রণীত আইনগুলোর সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসী অঞ্চলের প্রাকৃতিক সম্পদের ওপর আদিবাসীদের অধিকার সাংবিধানিকভাবে নিশ্চিত করার দাবি জানান। আদিবাসীদের এ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজীব কর্মকার ও সাংগঠনিক সম্পাদক এস জে দ্বীপ, বাংলাদেশ মারমা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উখিনু মারমা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র আন্দোলনের পক্ষ থেকে জোবায়ের হোসেন।‘সম্মিলিত আদিবাসী ছাত্র-ছাত্রীবৃন্দ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’-এর আহ্বায়ক অনাবিল সুইন বলেন, ‘আমরা উপজাতি নই, বরং আদিবাসী হিসেবেই পরিচিত হতে চাই।’ তিনি আদিবাসীদের মৌলিক অধিকারসহ সব অধিকার নিশ্চিত করার দাবি জানান।