আদিবাসীদের সাড়া কম সময় বাড়ছে ৯০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পার্বত্য ভূমি কমিশনের গণবিজ্ঞপ্তি আদিবাসীদের মধ্যে সাড়া ফেলতে পারেনি। সোমবার পর্যন্ত তিন পার্বত্য জেলায় মাত্র ৭৭৪টি আবেদন জমা পড়েছে বলে ভূমি কমিশন সূত্রে জানা গেছে। এর মধ্যে আদিবাসীদের আবেদন মাত্র ১৩৫টি। কমিশন সূত্রে জানা গেছে, ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য দাখিল করা আবেদনের মধ্যে রাঙামাটিতে পড়েছে ৩৭টি, বান্দরবানে ১১২টি এবং খাগড়াছড়িতে ৬২৫টি। এর মধ্যে আদিবাসীদের আবেদন জমা পড়েছে রাঙামাটিতে ১২টি, বান্দরবানে ৩৩টি ও খাগড়াছড়িতে ৯০টি।এদিকে ভূমি বিরোধ নিষ্পত্তির আবেদন জমা দেওয়ার সময় আরও ৯০ দিন বাড়ানো হচ্ছে বলে কমিশনের সচিব মো. আবদুল হামিদ জানিয়েছেন। এ ছাড়া আজ বুধবার খাগড়াছড়ি ও কাল বৃহস্পতিবার রাঙামাটিতে কমিশনের সভা আহ্বান করা হয়েছে। কমিশনের সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, সার্কেল প্রধান ও সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানদের চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা ও উপজেলা পর্যায়ের হেডম্যান ও কার্বারি (গ্রাম প্রধান) নেতাদের চিঠি দেওয়া হয়েছে। মূলত আবেদন জমাদানে উত্সাহিত করতে প্রচারণা বাড়ানোর লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, তিন পার্বত্য জেলায় দেড় লাখের বেশি ভূমি বিরোধ রয়েছে। এর মধ্যে অভ্যন্তরীণ উদ্বাস্তু পরিবারে রয়েছে এক লাখ ২৮ হাজার ৩৬৪। এ ছাড়া নয় হাজার ৭৮০ শরণার্থী পরিবার তাদের জায়গা-জমি ফিরে না পাওয়ার দাবি করছে। অন্যান্য আরও কমপক্ষে ১৫ হাজার পরিবারের ভূমি বিরোধ রয়েছে।১৯৯৭ সালে সম্পাদিত পার্বত্যচুক্তি অনুযায়ী ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১’ জাতীয় সংসদে পাস হয়। দীর্ঘ নয় বছর নিষ্ক্রিয় থাকার পর পার্বত্য ভূমি কমিশন গত ১৪ মার্চ ভূমি বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আবেদন দাখিলের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। এ জন্য দুই মাস সময় দেওয়া হয়। খাগড়াছড়ি জেলায় স্থাপিত ভূমি কমিশন কার্যালয়সহ প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং রাঙামাটি ও বান্দরবান জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদন জমা দানের বাক্স স্থাপন করা হয়। রাঙামাটির সবচেয়ে বেশি ভূমি বিরোধ রয়েছে লংগদু উপজেলায়। গতকাল মঙ্গলবার ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য আবেদন জমা না দেওয়ার ব্যাপারে ওই উপজেলার কয়েকজন হেডম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার ৮৫ শতাংশের বেশি আদিবাসী ভিটেবাড়ি থেকে উচ্ছেদ হয়ে অভ্যন্তরীণ উদ্বাস্তু হয়েছে। কিন্তু সদস্যদের পাশ কাটিয়ে ভূমি কমিশন চেয়ারম্যানের গণবিজ্ঞপ্তি জারিসহ বিভিন্ন বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা বিশ্বাস রাখতে পারছে না। এ ছাড়া পার্বত্যচুক্তির সঙ্গে কমিশন আইনের যেসব ধারা বিরোধাত্মক সেগুলো সংশোধন করা হয়নি। তাই কমিশনের কার্যকারিতা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করে।