আদিবাসীদের সুরক্ষা করে প্রকল্প নিতে হবে: আবুল মকসুদ
আদিবাসীদের অধিকার সুরক্ষা করে সরকারকে উন্নয়ন প্রকল্প নিতে হবে। এ কথা বলে গবেষক সৈয়দ আবুল মকসুদ সরকারকে সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করার দাবি জানান। টাঙ্গাইলের মধুপুরে সংরক্ষিত বনাঞ্চলের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।
আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে সহায়তা করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ও কাপেং ফাউন্ডেশন। হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম ও নাগরিক প্রতিনিধিদল সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বিশিষ্ট কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘সরকার উন্নয়নের নামে যেসব প্রকল্প নিচ্ছে, তা ঠিক আছে। কিন্তু মানুষের অধিকারও সুরক্ষা করতে হবে। মধুপুরে সংরক্ষিত বনের নামে যে প্রকল্প নেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ অসাংবিধানিক। এই প্রকল্প পরিবেশবিধ্বংসী ও মানবাধিকারপরিপন্থী। আমাদের দাবি, সরকার সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করবে, যাতে ওই এলাকার আদিবাসীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়।’
ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘আমি সারা বাংলাদেশে জঙ্গিবাদের আতঙ্ক দেখছি। কিন্তু জঙ্গিবাদ প্রশাসনের ভেতরেই কর্মরত অবস্থাতেই দেখছি। জঙ্গিবাদ জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। উন্নয়নের নামে উচ্ছেদ করছে। যেকোনো মূল্যে এটি রুখতে হবে। এটিই আমাদের মুক্তিযুদ্ধের শিক্ষা।’
পঙ্কজ ভট্টাচার্য আরও বলেন, ‘যে জমি আমরা পাকিস্তানের কাছ থেকে রক্ত দিয়ে মানুষের জন্য ছিনিয়ে এনেছি, প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা জঙ্গিরা সে জমি থেকে আদিবাসীদের উচ্ছেদ করছে। এভাবে তারা দেশে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে।’ তিনি তাদের শাস্তির দাবি জানান।
গত ১৫ ফেব্রুয়ারি পরিবেশ ও বন মন্ত্রণালয় মধুপুর এলাকায় ৯ হাজার ১৪৫ একর জমিকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করে। কিন্তু সেখানে ১৩টি গ্রামে কয়েক শ বছর ধরে গারো, বর্মণ, কোচসহ ১৫ হাজারের বেশি আদিবাসী জনগোষ্ঠী বাস করে। এই প্রকল্পের বিরুদ্ধে আদিবাসীদের সুরক্ষায় ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন।