আদিবাসীদের স্বীকৃতি আছে শিক্ষানীতিতে
বর্তমান সরকার আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির বিরোধী হলেও এই সরকারেরই চূড়ান্ত করা জাতীয় শিক্ষানীতিতে আদিবাসীদের স্বীকার করে নেওয়া হয়েছে। ‘আদিবাসী’ শব্দটি ব্যবহার করেই তাদের জন্য শিক্ষার সহায়ক বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা এই নীতিতে বলা হয়েছে। এই শিক্ষানীতি মন্ত্রিসভায় অনুমোদনের পর জাতীয় সংসদেও গৃহীত হয়েছে। এই শিক্ষানীতির প্রাক-কথন রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। মুখবন্ধ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নামে।এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘শিক্ষানীতিতে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আদিবাসী শব্দটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থে ব্যবহার করা হয়েছে।’শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বর্তমান সরকারের অন্যতম ইতিবাচক কাজ হলো শিক্ষানীতি প্রণয়ন ও বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া। ২০০৯ সালের ৮ এপ্রিল শিক্ষামন্ত্রী শিক্ষানীতি প্রণয়নে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে কমিটি গঠন করেন। ওই কমিটি একই বছরের সেপ্টেম্বর মাসে তাদের সুপারিশ জমা দেয়। পরে এসব সুপারিশ ওয়েবসাইটে দিয়ে মানুষের মতামত নেওয়া হয়। গত বছরের মে মাসে মন্ত্রিসভায় জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুমোদন পায়। গত বছরের ডিসেস্বর মাসে জাতীয় সংসদে গৃহীত হয়। এই শিক্ষানীতি বিভিন্ন মহলে প্রশংসিতও হয়েছে। শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত, মাধ্যমিক শিক্ষা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা, সব ধারার শিক্ষায় কিছু অভিন্ন বিষয় বাধ্যতামূলকভাবে পড়ানো, মাদ্রাসাশিক্ষাকে আধুনিকায়ন করাসহ বিভিন্ন পদক্ষেপের কথা বলা হয়। শিক্ষানীতির আরেকটি উল্লেখযোগ্য অংশ হলো আদিবাসী শিশুদের শিক্ষা বিষয়ে।শিক্ষানীতির প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষা অধ্যায়ে (দ্বিতীয় অধ্যায়, সাত পৃষ্ঠা) আদিবাসী শিশুদের শিক্ষার সহায়ক বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নের কথা বলা হয়েছে। এতে বলা হয় ‘আদিবাসী শিশুরা যাতে নিজেদের ভাষা শিখতে পারে, সে লক্ষ্যে তাদের জন্য আদিবাসী শিক্ষক ও পাঠ্যপুস্তকের ব্যবস্থা করা হবে। এ কাজে বিশেষ করে পাঠ্যপুস্তক প্রণয়নে, আদিবাসী সমাজকে সম্পৃক্ত করা হবে।’এতে আরও বলা হয় ‘আদিবাসী প্রান্তিক শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা হবে। আদিবাসী অধ্যুষিত (পাহাড় ও সমতল) যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা হবে। যেহেতু কোনো কোনো এলাকায় আদিবাসীদের বসতি হালকা, তাই একটি বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থী ও শিক্ষকদের আবাসিক ব্যবস্থার প্রয়োজন হলে সেদিকেও নজর দেওয়া হবে।’ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এর মাধ্যমে আদিবাসীদের স্বীকার করে নেওয়া হয়েছে। তবে সরকার এখন ‘আদিবাসী’ শব্দের স্বীকৃতির বিরোধিতা করছে। তারা আদিবাসীদের বলছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। আদিবাসী নিয়ে সরকারের বর্তমান অবস্থান ও শিক্ষানীতির বিষয়ে জানতে চাইলে চাকমা রাজা দেবাশীষ রায় প্রথম আলোকে বলেন, শুধু শিক্ষানীতিতে নয়, স্বাস্থ্যনীতিতেও আদিবাসীদের কথা আছে। আসলে আদিবাসী সম্পর্কে এখন অপব্যাখা চলছে। তিনি আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার দাবি উল্লেখ করে বলেন, যেখানে স্বীকৃতি বেশি হয়, সেখানে সংঘাত কমে যায়, রাষ্ট্রে স্থিতিশীলতা বাড়ে।