আদিবাসীদের স্বীকৃতি আদায়ে বৃহত্তর আন্দোলন চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ সরকার ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি না দিলে অবিলম্বে দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন শুরু করতে হবে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপে পার্বত্য চট্টগ্রাম চুক্তির অন্যতম উদ্যোক্তা ও আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা বাংলাদেশকে বহুজাতিগোষ্ঠীর দেশ এবং প্রতিটি জাতিগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি আদায়ের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর সেই চেতনাকে সমুন্নত রাখতে হলে আদিবাসীদের তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। অনুষ্ঠানের সভাপতি সৈয়দ আবুল মকসুদ বলেন, যখন কেউ জনগণের অধিকার ও সমাজের কথা বলেন তখনই তিনি জাতীয় নেতা। আর তাই আদিবাসী জনগণের অধিকার ও সমাজের কথা বলায় মানবেন্দ্র নারায়ণ লারমাও একজন জাতীয় নেতা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন: মানবেন্দ্র লারমার বড় বোন জ্যোতিপ্রভা লারমা, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, মানবেন্দ্র নারায়ণ লারমার ২৮তম মৃত্যুবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক নুমান আহমেদ খান প্রমুখ। আলোচনা শেষে আদিবাসী ছাত্রছাত্রী ও সাংস্কৃতিক কর্মীরা কবিতা আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন।