যে সম্প্রদায় যে নামে নিজেদের পরিচিত করতে চায়, তাদের সেই নামে পরিচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত। তাই আদিবাসীদের ‘আদিবাসী’ নামেই স্বীকৃতি দিতে হবে।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আদিবাসীবিষয়ক সংসদীয় ককাস এ মতবিনিময় সভার আয়োজন করে।
এ সংসদীয় ককাসের আহ্বায়ক ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জনপ্রতিনিধিরা সত্যকে স্বীকার করতে শুরু করেছেন। সংসদে অন্তত অর্ধশত সাংসদ ‘আদিবাসী’ বলছেন। একদিন সবাই বলবে। তিনি বলেন, ‘আশা করি ভবিষ্যতে সচিবালয় থেকে “আদিবাসী বলা যাবে না” এমন কোনো নির্দেশনা জারি হবে না। আর যদি কোনো কর্মকর্তা এ ধরনের নির্দেশনা জারি করেন, তাহলে তাঁকে সচিবালয় থেকে বের করে দেওয়া উচিত।’
ফজলে হোসেন বাদশা বলেন, যারা যে নামে পরিচিত হতে চায়, তাকে তাদের সেই নামে পরিচিত হওয়ার সুযোগ দিতে হবে।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংসদীয় ককাসের টেকনোক্র্যাট সদস্য সঞ্জীব দ্রং। তিনি ছয়টি দাবি তুলে ধরেন। সেগুলো হলো আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসা, সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়া, পার্বত্য চুক্তির বাস্তবায়ন, জাতিসংঘের আদিবাসী অধিকার ঘোষণাপত্র ও আইএলও কনভেনশনে অনুস্বাক্ষর করা, ভূমি কমিশন গঠন এবং আদিবাসী অধিকার আইন প্রণয়ন। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, রাষ্ট্র আদিবাসীদের বলবে আমি তোমাকে দেখি, আদিবাসীরাও রাষ্ট্রকে বলবে আমি তোমাকে দেখি।’
সংসদীয় ককাসের সমন্বয়ক অধ্যাপক মেজবাহ কামাল সভায় উপস্থিত সাংসদদের মৌলভীবাজার ও হবিগঞ্জে আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ বন্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জাসদের সাংসদ নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির সাংসদ টিপু সুলতান, আওয়ামী লীগের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, কাজী রোজী, এ কে এম ফজলুল হক, গোলাম মোস্তফা বিশ্বাস ও মৃণাল কান্তি দাস এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন আসামের মঞ্জুশ্রী দাস ও তাঁর দল এবং জান্নাত এ ফেরদৌসী।