আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীবিষয়ক সংসদীয় ককাসের সদস্যরা ২২ সেপ্টেম্বর রাঙামাটিতে সংঘটিত ঘটনা তদন্তে গতকাল মঙ্গলবার সারা দিন কাজ করেছেন। এ সময় তাঁরা ঘটনাস্থল পরিদর্শন এবং কলেজ কর্তৃপক্ষ, সরকারি কর্মকর্তা, পেশাজীবীসহ সাধারণ লোকজনের সঙ্গে কথা বলেন।গতকাল সন্ধ্যায় রাঙামাটি সার্কিট হাউসে ককাসের আহ্বায়ক সাংসদ রাশেদ খান মেনন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘রাঙামাটির ঘটনার পর রামু ও পটিয়ায় ঘটনা সংঘটিত হওয়ায় সবার দৃষ্টি সেদিকে ছিল। তাই রাঙামাটিতে আসতে দেরি হয়েছে। আমরা আজ (মঙ্গলবার) সারা দিন তিনটি দলে বিভক্ত হয়ে ঘটনা সম্পর্কে সবার মতামত জানা ও ঘটনাবলি সম্পর্কে অবহিত হতে চেষ্টা করেছি।’ রাশেদ খান মেনন আরও বলেন, ককাসের সদস্যদের সবার সংগৃহীত তথ্যাবলি নিয়ে ঢাকায় প্রতিবেদন প্রকাশ করা হবে। এ ছাড়া প্রতিবেদনের কপি সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারের কাছে পেশ করা হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ আ ক ম খালিদ মাহমুদ চৌধুরী, যতীন্দ্র লাল ত্রিপুরা, মোজামেঞ্চল হক, শওকত মোমেন শাহজাহান, জিয়াউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেসবাহ কামাল।গত ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজে সংঘটিত ঘটনার জের ধরে রাঙামাটি শহরে বাঙালি আদিবাসী সহিংস ঘটনা ঘটে। এতে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ শতাধিক ব্যক্তি আহত এবং যানবাহন ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়।