আদিবাসীর জমি দখল ও গাছ আটকেরঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানে এক সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) বেআইনি ও বাতিল ইজারা দলিলে এক আদিবাসীর জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাগান থেকে গাছ কাটলেই ওই এডিসি প্রভাব খাটিয়ে পুলিশের মাধ্যমে তা আটক করে নিয়ে যান বলে গতকাল সোমবার আদিবাসীরা জানিয়েছেন।

 স্যান্দ্র তঞ্চঙ্গ্যা নামের ওই আদিবাসী অভিযোগ করেন, পুলিশ ওই এডিসির পক্ষ হয়ে কাজ করায় তিনি অসহায় হয়ে পড়েছেন। গত মাসে (এপ্রিল) বাগান থেকে কাটা গাছ ও জ্বালানি কাঠ পুলিশ আটক করে নিয়ে যায়। পরে সেগুলো তাঁকে না জানিয়ে গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। বান্দরবান সদর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন এডিসির পক্ষ নেওয়ার কথা অস্বীকার করে বলেন, জায়গা কার, তা তদন্তসাপেক্ষ ব্যাপার হলেও গাছ এডিসি রোপণ করেছেন বলে তাঁরা প্রমাণ পেয়েছেন। ওই এলাকায় জায়গা বেশি থাকায় স্যান্দ্রকে তাঁর জমি পরিমাপ করে নেওয়ার জন্য তাঁরা বলেছেন বলে তিনি জানিয়েছেন।

জেলা প্রশাসনের সূত্রগুলো জানিয়েছে, এডিসি দিলীপ কুমার চৌধুরী বান্দরবানে কর্মরত থাকাকালে ২০০০ সালে বান্দরবান সদর উপজেলার সুলতানপুর এলাকায় ক্ষমতার অপব্যবহার করে তাঁর স্ত্রী ও মেয়ের নামে ৪৫ একর জমি ৪০ বছর মেয়াদে ইজারা নিয়েছেন। এতে তিনি সরকারি কর্মচারী আচরণবিধি, পার্বত্য চুক্তি, জেলা পরিষদ আইনসহ পার্বত্য চট্টগ্রামে প্রচলিত সব আইনকানুন ভঙ্গ করেছেন।

 এ জন্য বেআইনিভাবে নেওয়া দিলীপ চৌধুরীর ওই ইজারা ২০০৩ সালে প্রধানমন্ত্রীর নির্দেশে বাতিল করা হয়েছে বলে প্রশাসনের কর্মকর্তারা বলেছেন। তবে বর্তমানে অবসরপ্রাপ্ত দিলীপ চৌধুরী বলেন, তিনি ইজারা বাতিল আদেশের বিরুদ্ধে যুগ্ম জেল জজ আদালতে মামলা করেছেন। দলিলপত্রে দেখা যায়, দিলীপ চৌধুরীর স্ত্রী লিপিকা চৌধুরীর নামে ২০ একর ও মেয়ে স্বপ্না চক্রবর্তীর নামে ২৫ একর জমি ইজারা নিয়েছেন। ২০০০ সালে ইজারা নেওয়ার আগে ১৯৯৬ সালে স্যান্দ্র তঞ্চঙ্গ্যা ওই এলাকায় পাঁচ একর জমি ভোগদখলে রয়েছেন। স্যান্দ্র তঞ্চঙ্গ্যা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে নিয়মবিধি অনুযায়ী দিলীপ চৌধুরীর আগে জমি ভোগদখল করে আসছেন বলে তাঁর পাঁচ একর জমি বুঝে নেওয়ার পর দিলীপ চৌধুরী পাবেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল আবছার একজন কর্মকর্তার চাকরি করতে এসে নামে-বেনামে জমিজমার মালিক হওয়া সদুদ্দেশ্যের পরিচায়ক নয় বলে মন্তব্য করেন।