আদিবাসীরা খাদ্য ও সামাজিক নিরাপত্তার দৃষ্টান্ত স্থাপন করেছে
আদিবাসীরা সম্মিলিতভাবে মুষ্টির চাল ও ধান সংগ্রহ করে নিজেদের খাদ্য ও সামাজিক নিরাপত্তা তৈরির দৃষ্টান্ত স্থাপন করেছে। সারা দেশের গ্রামগুলোতে দরিদ্র মানুষেরা এ দৃষ্টান্ত অনুসরণ করতে পারে। আদিবাসীদের রক্ষা গোলা গ্রাম সমাজ সংগঠনের বার্ষিক সাধারণ সভায় গতকাল শুক্রবার বক্তারা এসব কথা বলেন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক সন্তোষ এক্কা। এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফজলুল হক। অন্যান্যের মধ্যে আদিবাসী সংগ্রাম পরিষদের আহ্বায়ক এভারিস্ট হেমব্রম, সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং ভলান্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) সাধারণ সম্পাদক সারওয়ার-ই-কামাল, সহসম্পাদক সাইদুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।
সভায় উপজেলার ২৬টি গ্রামের প্রায় পাঁচ হাজার নারী-পুরুষ অংশ নেন। ঢোল-মাদল বাজিয়ে নিজ নিজ গ্রামের ব্যানার নিয়ে মিছিল করে সংগঠনের সদস্যরা সভায় অংশগ্রহণ করেন। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। শুরুতে বাড়ি বাড়ি মুষ্টির চাল ও ধান সংগ্রহের মাধ্যমে অর্জিত সঞ্চয় এবং নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনগুলোর নেতারা। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
পেশ করা প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৩ সালে পাঁচটি আদিবাসী গ্রামে প্রথম শুরু হয় এ সংগঠনের কার্যক্রম। বর্তমানে ২৬টি গ্রামে তা বিস্তৃত হয়েছে। ২৬টি গ্রামে তৈরি হয়েছে খাদ্য নিরাপত্তার জন্য রক্ষা গোলা। এসব রক্ষা গোলায় বর্তমানে সঞ্চিত চাল এক লাখ ৭৬ হাজার ৯০৫ কেজি, ধান ৬৪ হাজার ১৯৬ কেজি এবং সময় উত্তীর্ণ অতিরিক্ত মুষ্টির চাল ও ধান বিক্রিসহ প্রকল্পভিত্তিক সঞ্চয়ের মাধ্যমে সংগ্রহ করা সামাজিক মূলধনের পরিমাণ ২৪ লাখ ৭০ হাজার ৫৮১ টাকা। সম্মিলিত সঞ্চয়ের ফলে রক্ষা গোলা সমাজ সংগঠনের আওতাধীন সব পরিবারের খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। আদিবাসী শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে। কমেছে বাল্যবিবাহের সংখ্যাও।
২০০৯ সালের ৭ নভেম্বর প্রথম আলোয় ‘দুর্দিনের রক্ষক রক্ষা গোলা’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।