আদিবাসীরা জানালেন জমি হারানোর কাহিনি
‘বাবা জমি বিক্রি করেছিলেন পাঁচ বিঘা নয় শতক, কিন্তু জমির ক্রেতা ভোগ করছেন নয় বিঘা। বাবা তিন বছর আগে মারা যাওয়ার পর ক্রেতা বাড়তি জমি দখলে নেন। ক্রেতাকে বললাম, বাবা বেঁচে থাকতে কেন বলেননি যে নয় বিঘা কিনেছি? এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এখনো উদ্ধার করতে পারিনি জমি। আমাদের মতো আদিবাসীদের এমন অন্যায় মেনে বসবাস করা ছাড়া আর কি কোনো উপায় আছে?’ বললেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রীরামপুর গ্রামের বাবুল সরেন।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মিশনপাড়ার প্রদীপ হেমব্রম বললেন, ‘উত্তরাধিকার সূত্রে বাবা পেয়েছিলেন ৫০ বিঘা জমি। কিন্তু আমাদের দখলে এখন এক বিঘা জমিও নেই। কিছু জমি পরিত্যক্ত সম্পত্তি, কিছু জমি ছিল বাবার নামেই। এ ঘটনায় আমাদের মনে দানা বাঁধছে এই ভাবনা, তবে কি এই দেশ আমাদের নয়।’গতকাল রোববার রাজশাহীর মনিবাজারে একটি রেস্তোরাঁয় আদিবাসীদের ভূমিবিষয়ক আঞ্চলিক কর্মশালায় আদিবাসীরা এসব বঞ্চনা ও দুঃখ-কষ্টের কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ও জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা। জবাবে ফজলে হোসেন বাদশা জানান, এ গল্পের শেষ নেই। আদিবাসীদের জমি হারানোর প্রক্রিয়া শুরু হয়েছিল পাকিস্তান আমলে। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর এখনো যদি আদিবাসীরা ভূমি হারায় তবে বলতে হবে এখনো পাকিস্তানি ধারা অব্যাহত আছে। সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠন করা দরকার। এ জন্য আন্দোলন-সংগ্রাম করতে হবে আদিবাসীদের। কর্মশালায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও সিরাজগঞ্জ জেলার অর্ধশতাধিক ভূমি হারানো আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়। এ ছাড়া এ অঞ্চলে আদিবাসীদের উন্নয়নে কর্মরত বেসরকারি সংস্থার কর্মকর্তা, জাতীয় আদিবাসী পরিষদের নেতা ও অক্সফাম-জিবির কর্মকর্তাসহ দেড় শতাধিক লোক ছিলেন। অক্সফাম-জিবির সহায়তায় এ কর্মশালার আয়োজন করে জাতীয় আদিবাসী পরিষদ, দ্বীপশিখা, আশ্বাস, আস্থা, বিএসডিও, বিডিও, এসইউএস, মাসাউস ও আদিবাসী বিকাশ কেন্দ্র নামের বেসরকারি সংস্থা।