পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, দেশে কতটি আদিবাসী সম্প্রদায় রয়েছে, তার হিসাব দেওয়া এবং কয়টি আদিবাসী সম্প্রদায়ের বর্ণমালা ও নিজস্ব ভাষা রয়েছে, তা নির্ধারণের দায়িত্ব দেওয়া হবে আদিবাসী জনগণকে। এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে।গতকাল বুধবার রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলনকক্ষে আসন্ন আদমশুমারি উপলক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় দীপংকর তালুকদার এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারের হিসাবমতে, দেশে ২৭টি আদিবাসী সম্প্রদায় রয়েছে। তবে আদিবাসীদের দাবি অনেক বেশি। তাই এবারের আদমশুমারিতে যেন সব সম্প্রদায়ের নাম অন্তর্ভুক্ত হয়, তা নির্ধারণের দায়িত্ব আদিবাসী নেতাদের দেওয়া হবে।পার্বত্য চট্টগ্রামের মতো দুর্গম এলাকায় জনসংখ্যার সঠিক সংখ্যা তুলে আনা কষ্টসাধ্য স্বীকার করে দীপংকর তালুকদার বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সচেতন ব্যক্তিদের সহযোগিতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। আর আদমশুমারির সঙ্গে যাঁরা জড়িত থাকবেন, তাঁদের কাজটাকে জনসেবামূলক কাজ হিসেবে গ্রহণ করতে হবে।সভার সভাপতি রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী জানান, রাঙামাটি জেলার যেসব এলাকায় রোহিঙ্গাদের বসবাস রয়েছে, তাদের চিহ্নিত করে আদমশুমারি থেকে বাদ দেওয়া হবে। তা ছাড়া তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।