চাকমা রাজা দেবাশীষ রায় বলেছেন, বাংলাদেশের আদিবাসীরা নিজেদের প্রচেষ্টায় জাতিসংঘে মর্যাদাপূর্ণ স্থান পেয়েছে। কিন্তু সরকার এখনো আদিবাসীদের স্বীকৃতি দিতে উৎসাহী নয়।জাতিসংঘের আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামে এশীয় অঞ্চলের প্রতিনিধি নির্বাচিত হওয়ায় তাঁকে দেওয়া সংবর্ধনায় শনিবার রাজা দেবাশীষ রায় এ কথা বলেন। বাংলাদেশের সমতল ও পাহাড়ের আদিবাসীরা সম্মিলিতভাবে এ সংবর্ধনা সভার আয়োজন করে। বেসরকারি সংস্থা মালেইয়া ফাউন্ডেশনের ভাইস-চেয়ারপার্সন মথুরা বিকাশ ত্রিপুরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকার মোহাম্মদপুরে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) মিলনায়তনে বিকেল সাড়ে তিনটায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান। রাজা দেবাশীষ রায় দেশের সমতল ও পাহাড়ের চারজন আদিবাসীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আশা করি সরকার দেশের আদিবাসীদের পরিচয়বিষয়ক সমস্যা সমাধানে উদ্যোগ নেবে।সংবর্ধনা সভায় বক্তব্য দেন সিলেটের আদিবাসী নেতা পিডিসন প্রধান সূচিয়াং, খাগড়াছড়ির নারীনেত্রী শিফালিকা ত্রিপুরা, রাঙামাটির শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, নিরূপা দেওয়ান, চা জনগোষ্ঠীর সভাপতি রামবদন খৈরী প্রমুখ। গত ২৮ এপ্রিল রাজা দেবাশীষ রায় ২০১১ থেকে ২০১৩ সাল মেয়াদে জাতিসংঘ আদিবাসীবিষয়ক স্থায়ী ফোরামে আন্তর্জাতিক আদিবাসী বিষয়ে বিশেষজ্ঞ মনোনীত হন।