
পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও আদিবাসীদের অধিকার নিয়ে যেসব আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে, সেসব বাস্তবায়নে সরকারগুলো আন্তরিকতা দেখায়নি, এখনো দেখাচ্ছে না। নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় গিয়ে তা সহজেই ভুলে যান শাসকেরা। এতে আদিবাসীরা প্রতারিত হচ্ছে।
গতকাল শনিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন দেশের আদিবাসী নেতা, মানবাধিকার কর্মী, জাতিসংঘের প্রতিনিধি এবং মহাজোট সরকারের সাংসদ। সেমিনারটি অনুষ্ঠিত হয় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয় ৯ আগস্ট। তবে এ বছর সেদিন ঈদের ছুটি থাকায় গতকালই দিবসটি নানা আয়োজনে পালিত হলো। এবার দিবসটির প্রতিপাদ্য ‘আদিবাসীদের অধিকারসংক্রান্ত সকল চুক্তি ও অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করুন’।
সেমিনারে সংগত কারণেই উঠে আসে পার্বত্য চুক্তি প্রসঙ্গ। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন সরকারের উদ্দেশে বলেন, ‘১৬ বছর আগে আপনি যে চুক্তি করেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কেন পালন করেননি? আমি বলব, আপনি পাহাড়ের আদিবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, প্রতারণা করেছেন।
আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, ৪২ বছরে যেসব সরকার ও শাসক এসেছেন, তাঁরা আদিবাসীদের প্রতি সব সময় বৈরী মনোভাব দেখিয়েছেন। এর ফলে সমতল ও পাহাড়ের আদিবাসীরা তাদের জীবনধারা হারাতে বসেছে।
অনুষ্ঠানের উদ্বোধক সাংসদ রাশেদ খান মেনন অভিযোগ করেন, পার্বত্য চুক্তি, পার্বত্য ভূমি কমিশন আইন নিয়ে সরকার দ্বিমুখী আচরণ করছে।
এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, যখন কেউ মন্ত্রী বা উপদেষ্টা হয়ে যান তখন মনে করেন যে তাঁরা সব জানেন। একে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে, ‘ক্ষমতার দম্ভ।’
চাকমা সার্কেলপ্রধান দেবাশীষ রায় বলেন, পার্বত্য চুক্তির সময় লিখিত চুক্তি ছাড়াও একটি অলিখিত চুক্তি হয়েছিল। সেটি হলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে পাহাড়ে যেসব অভিবাসন ঘটানো হয়েছে, সেই সমস্যার সমাধান করা। এটিরও বরখেলাপ করা হয়েছে।
সামরিক-প্রক্রিয়ায় নয়, সমস্যার সমাধান যে রাজনৈতিকভাবে সম্ভব পার্বত্য চুক্তি সেই বাস্তবতাকে প্রমাণ করেছে। তাই এই চুক্তি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার।
অনুষ্ঠান পরিচালনা করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। স্বাগত বক্তব্য দেন ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেন, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড্র বার্নাড প্রমুখ।