আদিবাসীরাই বাংলাদেশের সৌন্দর্য

‘পৃথিবীর সৌন্দর্য তার বৈচিত্র্যে। বাংলাদেশকে সৌন্দর্য দিয়েছে আদিবাসীরাই। আমার কাছে, আদিবাসী হলো গোল্ড মাইন (স্বর্ণখনি)।’ আদিবাসী মানুষ ও তাদের জীবনকে এভাবেই দেখেন শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গতকাল শুক্রবার রাজধানীর দৃক গ্যালারিতে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীতে তিনি এ কথা বলেন। জাফর ইকবাল বলেন, ‘বান্দরবানে যে স্কুলে পড়তাম, সেখানে আমি, আমার বোন আর একটি মেয়ে ছাড়া আর কোনো বাঙালি শিক্ষার্থী ছিল না। আদিবাসীদের মাঝেই বড় হয়েছি। কখনোই মনে হয়নি, আমাদের ভাষা, উচ্চারণ, চেহারা কিংবা ঐতিহ্য আলাদা। মনে হয়েছে, পৃথিবীর সব মানুষ এক।’
বাংলাদেশের তিন অভিযাত্রী—এম এ মুহিত, তারেক অণু ও ইনাম আল হক বিভিন্ন সময়ে তাঁদের ক্যামেরায় বন্দী করেছেন আদিবাসী মানুষের জীবনযাত্রাকে। তাঁদের তোলা এসব আলোকচিত্র নিয়েই প্রদর্শনীর আয়োজন করেছিল বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। প্রদর্শনী উদ্বোধনের আগে দেবাশীষ বিশ্বাস গেয়ে শোনান, ‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ’ গানটি। প্রদর্শনীটির নামই ছিল ‘বিশ্বভরা প্রাণ’।
এতে আমন্ত্রিত হয়েছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ফার্স্ট সেক্রেটারি অ্যান্ড অ্যাক্টিং হেড অব কো-অপারেশন গনজালো সেরানো। তিনি বলেন, ‘আমরা (ইইউ) আদিবাসীদের অধিকারে বিশ্বাস করি। একটা কথা বলতেই হয়, ভাষা ও জনগোষ্ঠীর দিক থেকে বাংলাদেশ বৈচিত্র্যে ভরা একটি দেশ।’
আদিবাসীদের নিয়ে এমন আলোকচিত্র প্রদর্শনী আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে চিত্রশিল্পী কনকচাঁপা চাকমা বলেন, ‘মুহিত এভারেস্টের চূড়ায় উঠে পৃথিবীর সমতলে পাহাড়ের কোল ঘেঁষে বেড়ে ওঠা জীবন ও সংস্কৃতিকে যেভাবে দেখেছেন, আজ আমাদের সামনে তা তুলে ধরলেন। মুহিত, অণু ও ইনাম আল হককে আদিবাসীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।’ প্রাক-উদ্বোধনী আলোচনা সভার সভাপতিত্ব করেন এভারেস্টজয়ী নারী অভিযাত্রী নিশাত মজুমদার।