আদিবাসীসহ চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় খলিলুর রহমান (৬০) নামের এক রেলশ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে বিপ্লব মালো (২৫) নামের এক আদিবাসী তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে মেহেদী হাসান (৪০) নামের এক চা বিক্রেতাকে খুন করেছে দুর্বৃত্তরা। বগুড়ার আদমদীঘিতে খুন হয়েছেন এক নারী। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পীরগাছা (রংপুর): উপজেলার অন্নদানগর রেলস্টেশন এলাকার বাসিন্দা ও রেলশ্রমিক (খালাসি) খলিলুর বেশ কিছুদিন আগে প্রতিবেশী রিকশাচালক সাদ্দাম হোসেনের কাছ থেকে ৫০০ টাকা ধার নেন। কয়েক দিন ধরে সাদ্দাম টাকা ফেরত দিতে খলিলুরকে চাপ দেন। গত শুক্রবার দুপুরে সাদ্দাম ও তাঁর লোকজন টাকার জন্য খলিলুরের বাড়িতে যান। এ সময় উভয়ের মধ্যে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাদ্দাম, তাঁর স্ত্রী বেমলা বেগম ও শ্যালক জয়নালসহ সাত-আটজন মিলে খলিলুরকে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী বেমলা বেগম (৩৫) ও আক্কাছ আলীকে (৬০) ঘটনাস্থল থেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বিরামপুর (দিনাজপুর): গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ বিপ্লব মালো (২৫) নামের এক আদিবাসী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। বিপ্লব উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের সিধোল গ্রামের কান্দু মালোর ছেলে। পাবনা: কাশিনাথপুর বাজারের একটি খুপরি ঘরে মেহেদী চা বিক্রি করছিলেন। গতকাল শনিবার বেলা পৌনে তিনটার দিকে বাজারে লোকসমাগম কমে গেলে হঠাৎ দোকানের সামনে একটি গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা ছুটে গিয়ে দোকানের সামনে মাথায় গুলিবিদ্ধ মেহেদীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামে। তিনি পাবনার সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। আদমদীঘি (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলার তালশন গ্রামে গত শুক্রবার দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে জোছনা বেগম (৪০) নামের এক নারী খুন হয়েছেন। একই গ্রামের বাসিন্দা ও জোছনার ভাগ্নে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।