আদিলকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার সংগঠন অধিকারের সাধারণ সম্পাদক আদিলুর রহমান খানকে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মারি হারফ গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানান।
বিবৃতিতে মারি হারফ বলেন, ‘১০ আগস্ট আদিলুর রহমান খানকে গ্রেপ্তারের ঘটনায় মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আন্তর্জাতিকভাবে সম্মানিত বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক। বাংলাদেশ সরকারের কাছে তাঁর গ্রেপ্তারের বিষয়ে জানতে চেয়েছি। এ ক্ষেত্রে উল্লেখ করেছি, এ গ্রেপ্তার বাংলাদেশের নাগরিক সমাজের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বজুড়ে নেতিবাচক বার্তা ছড়াবে।’ উপমুখপাত্র বলেন, ‘আমরা অবিলম্বে আদিলকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই। তাঁর বিরুদ্ধে সরকার অনিষ্পন্ন কোনো আইনগত পদক্ষেপ নিতে চাইলে তা যেন অবাধ ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া অনুসরণে করা হয়। তাই বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান, অবিলম্বে আদিলকে মুক্তি দিন। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় অধিকারের মতো প্রতিষ্ঠানের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ সৃষ্টি করাটা সরকারের জন্য জরুরি।’