আদিলুর-এলানের আপিল খারিজ, মামলা চলবে
তথ্য বিকৃত করে মিথ্যা প্রতিবেদন প্রকাশের অভিযোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন অধিকার–এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এস এম নাসির উদ্দিন এলানের করা আপিল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ গতকাল এ রায় দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ বলেন, ইতিপূর্বে মামলার কার্যক্রমে দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট দুজনের করা আপিল খারিজ করে দিয়েছেন। আইন অনুসারে বিচারিক আদালতকে মামলার কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।
আপিলকারীদের আইনজীবী মো. আসাদুজ্জামান বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা করে এ আদেশের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ওই মামলায় আদিলুর রহমান খান ও এস এম নাসির উদ্দিনের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ জানুয়ারি অভিযোগ গঠন করেন সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল। ওই দিন অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে তাঁদের করা আবেদন খারিজ হয়। এর বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন।