আদিলুর পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিলুর রহমান
আদিলুর রহমান

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে এই আদেশ দেন।

পুলিশ বলেছে, তথ্যপ্রযুক্তি আইন-২০০৬-এর ৫৭-এর ১ ও ২ ধারায় আদিলুর অপরাধ করায় তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে। ৫৭ ধারা অনুযায়ী ইলেকট্রনিক ফরমে মিথ্যা, অশ্লীল অথবা মানহানিকর তথ্য প্রকাশ দণ্ডনীয় অপরাধ।

পুলিশের তরফ থেকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিল। একই সঙ্গে তাঁর জামিনের আবেদন জানান আইনজীবীরা। বিচারক জামিন নামঞ্জুর করে তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রিমান্ড আবেদনের শুনানি করেন ঢাকা মহানগর পিপি আবদুল্লাহ আবু, আদালতে পুলিশের সহকারী কমিশনার মিরাশ উদ্দিন প্রমুখ।

অপরদিকে আসামির পক্ষে রিমান্ড বাতিল করে জামিন আবেদনের শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া। এ ছাড়াও ঢাকা বারের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মহসীন মিয়া, বর্তমান সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলমসহ প্রায় অর্ধশত আইনজীবী শুনানিতে অংশ নেন।

জামিন শুনানিতে আইনজীবীরা বলেন, মূলত জিডিমূলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। সুনির্দিষ্ট কোনো মামলা রুজু  না হওয়া পর্যন্ত কোনো আসামিকে রিমান্ডে নেওয়া আইনের পরিপন্থী। এ বিষয়ে উচ্চ আদালতের অনেক সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া এই আসামি সুুপ্রিম কোর্টের একজন আইনজীবী, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আদালতের সন্তুষ্টি সাপেক্ষে তাঁর রিমান্ড বাতিল করে সুপ্রিম কোর্ট বারের সভাপতির জিম্মায় তাঁর জামিন দেওয়া যেতে পারে।

এ সময় নেদারল্যান্ডস এম্বেসির ফার্স্ট সেক্রেটারি হেনরিক ভ্যান অ্যাচ ভ্যান ওয়াইক, সুইডিশ এম্বেসির সেকেন্ড সেক্রেটারি লো ভিগ বনটেল আদালতে উপস্থিত ছিলেন।

আদিলুরকে গ্রেপ্তারের পর তাত্ক্ষণিকভাবে গুলশানে অবস্থিত অধিকারের কার্যালয়ে তাঁর স্ত্রী সায়রা রহমান খান সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আদিলুরকে গ্রেপ্তারের সময় গ্রেপ্তারি পরোয়ানার কাগজপত্র দেখাতে পারেনি গোয়েন্দা পুলিশ।

দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম রাজধানীর মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে সাংবাদিকদের বলেন, ‘গত ৫ মে রাতে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনার ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে অধিকার। এতে কাল্পনিকভাবে ৬১ জন মারা গেছে এমন দাবি করা হয়। প্রতিবেদনের প্রচ্ছদে ফটোশপের মাধ্যমে ছবি বিকৃত করা হয়েছে। এতে করে দেশের ভাবমূর্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।’

যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, এই তালিকায় তথ্য ও যুক্তি নেই। প্রতিবেদনের প্রচ্ছদে প্রযুক্তি ব্যবহার করে মৃতদেহের ছবি দেখানো হয়েছে।

গতকাল শনিবার রাত ১০টার দিকে আদিলুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর গুলশানের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওয়েবসাইটে বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন, যাহা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসত্য হইতে উদ্বুদ্ধ হইতে পারেন অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইনশৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয় বা রাষ্ট্র বা ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন  হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উসকানি প্রদান করা হয়, তাহা হইলে তাহার এই কার্য হইবে অপরাধ। কোনো ব্যক্তি এর অধীন অপরাধ করলে তিনি অনধিক ১০ বছর কারাদণ্ডে অথবা অনধিক এক কোটি টাকা অর্থদণ্ডে দণ্ডিত হইবেন।’

গত ১০ জুন মানবাধিকার সংস্থা অধিকার একটি তথ্যানুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে সংস্থাটি দাবি করে, ৫ ও ৬ মে শাপলা চত্বরে অভিযানের ঘটনায় শত শত হেফাজতকর্মী নিহত হয়েছেন। প্রতিবেদনে প্রাথমিকভাবে তারা ৬১ জনের প্রাণহানির খবর জানায়।

এরপর ১০ জুলাই তথ্য মন্ত্রণালয় অধিকারের তথ্যানুসন্ধান প্রতিবেদনটি চেয়ে পাঠায়। সরকার নিহত ৬১ জনের নাম, তাঁদের বাবা-মায়ের নাম ও ঠিকানা চেয়ে পাঠায়। একই সঙ্গে সরকারের তরফ থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে নিহতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা আরও গভীরভাবে অনুসন্ধান করে নিহতের প্রকৃত সংখ্যা ও ঘটনা জনগণের সামনে প্রকাশে সরকার আন্তরিক। ৬ ও ৭ মে দৈনিক ‘নয়া দিগন্ত’, ‘সংগ্রাম’, ‘ইনকিলাব’সহ অন্যান্য জাতীয় দৈনিকে প্রকাশিত বিভিন্ন রিপোর্ট তন্ন তন্ন করে খুঁজেও ১৬ জনের বেশি নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।’

আরো খবর

অধিকারকে লেখা তথ্য মন্ত্রণালয়ের চিঠি পড়ুন ।

Letter from Information Ministry to Odhikar (1)
Letter from Information Ministry to Odhikar (1)